
পূর্বাশা ডেস্ক:
রাখাইনে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হত্যা-নির্যাতন এড়াতে প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা সীমান্ত পার হয়ে প্রবেশ করায় কঠিন পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ। শুক্রবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, গত দুই দিনে বাংলাদেশে এক লাখের বেশি রোহিঙ্গা প্রবেশ করেছেন। বিপুল সংখ্যক রোহিঙ্গা দলে দলে বাংলাদেশে প্রবেশ করায় তাদের খাদ্য সরবরাহ ও বাসস্থান নিশ্চিত করা নিয়ে সৃষ্টি হয়েছে বড় ধরনের সংকট। কিন্তু এতেই বন্ধ হচ্ছে না রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্যাতন-নিপীড়ন। এ পরিস্থিতিতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লাখ লাখ রোহিঙ্গা আসায় বাংলাদেশ যে ‘কঠিন পরিস্থিতি’তে পড়েছে, তা স্বীকার করে নেন। মালয়েশিয়ার মেরিটাইম এজেন্সির পরিচালক বলেছেন, তার দেশ রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দিতে সম্মত আছে। ইরানের রেড ক্রিসেন্ট বলছে, তারা মিয়ানমারে গিয়ে রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে চায়।
জাতিসংঘ তাদের সর্বশেষ হিসাবে বলেছে, গত দুই সপ্তাহে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসেছেন ২ লাখ ৭০ হাজার রোহিঙ্গা। জাতিসংঘ শরণার্থী সংস্থার মুখপাত্র ভিভিয়ান ট্যান বিবিসিকে এ তথ্য জানান। দুই দিন আগেও জাতিসংঘের কর্মকর্তারা শরণার্থীর সংখ্যা এক লাখ ৬২ হাজার বলে জানিয়েছিলেন। শরণার্থীর সংখ্যা এক লাখ বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করে ভিভিয়ান ট্যান বলেন, গত দুই দিনে তারা বাংলাদেশে এসে আশ্রয় নেয়া আরও অনেক শরণার্থীর সন্ধান পেয়েছেন, যাদের কথা তারা আগে জানতেন না। তিনি বলেন, ‘সেপ্টেম্বরের ৬ ও ৭ তারিখে জাতিসংঘের সব সংস্থা এবং বিভিন্ন এনজিওর একটি যৌথ দল সীমান্তের যেসব এলাকায় শরণার্থীরা এসেছেন বলে খবর পাওয়া গেছে, সেসব এলাকায় গেছে। সে সময় তারা অনেক নতুন শরণার্থীর সন্ধান পান। এরা মূলত আছেন বিভিন্ন সীমান্তবর্তী গ্রামে। এরা যেখানেই থাকার মতো জমি পেয়েছেন, সেখানেই থাকছেন।’ তিনি বলেন, শরণার্থীদের এ সংখ্যা অনুমাননির্ভর, প্রকৃত সংখ্যা নয়।
ভিভিয়ান ট্যান বলেন, শরণার্থীরা বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে আছেন। এ কারণেই শরণার্থীদের সঠিক হিসাব বলা যাচ্ছে না। এদের অনেকে আছেন বিভিন্ন গ্রামে স্থানীয় লোকজনের সঙ্গে। শরণার্থীদের যেভাবে স্থানীয় গ্রামবাসী আশ্রয় দিচ্ছেন, তার প্রশংসা করে ভিভিয়ান ট্যান বলেন, তারা যথেষ্ট উদারতার পরিচয় দিচ্ছেন। তিনি জানান, সবচেয়ে বেশি রোহিঙ্গা শরণার্থী আছেন নওয়াপাড়া ও কুতুপালং ক্যাম্পে। কিন্তু এ দুইটি ক্যাম্পে আর জায়গা নেই। এছাড়া বালুখালি ও লেদায় অনেক নতুন বসতি গড়ে উঠেছে। শরণার্থীরা রাস্তার দুই পাশে যেখানেই খালি জায়গা পেয়েছেন, সেখানেই তাঁবু খাটিয়ে আশ্রয় নিয়েছেন। যে হারে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে ঢুকছেন, শেষ পর্যন্ত তাদের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াতে পারে এমন প্রশ্নের জবাবে ইউএনএইচসিআরের মুখপাত্র ভিভিয়ান ট্যান বলেন, ‘এটাই এখন সবার প্রশ্ন। মাত্র কয়েকদিন আগে বাংলাদেশে জাতিসংঘের সব সংস্থা মিলে তিন লাখ শরণার্থী আসতে পারে ধরে নিয়ে পরিকল্পনা তৈরি করেছিল। কিন্তু আজকেই শরণার্থীর যে নতুন সংখ্যা আমরা পেয়েছি, খুব দ্রুতই আমরা তিন লাখে পৌঁছে যাব। আরও কত নতুন শরণার্থী আসতে পারেন, তা এখন আমাদের দেখতে হবে। কিন্তু যেটা পরিষ্কার, আমাদের মানবিক কার্যক্রম বাড়াতে হবে। এ শরণার্থীরা নিদারুণ খারাপ অবস্থায় আছেন।’
যুক্তরাষ্ট্রের উদ্বেগ : রাখাইন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্ট এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি জানি, অন্য যে কোনো দেশের মতোই শরণার্থীদের ভার বাংলাদেশকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে।’ তিনি জানান, তারা নেপিদো (মিয়ানমারের রাজধানী) সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছেন। তিনি বলেন, ‘বার্মার (মিয়ানমার) উত্তরাঞ্চলীয় রাজ্য রাখাইনের পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’ রাখাইনে রোহিঙ্গাদের বহু গ্রাম পোড়ানো ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে স্থানীয় লোকজন (রোহিঙ্গা) ব্যাপক হারে বাস্তুচ্যুত হচ্ছেন এমন খবর রয়েছে বলে জানান তিনি। হিদার নুয়ার্ট জানান, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র বেসামরিক নাগরিকরা এ সহিংসতা চালানোর সঙ্গে জড়িত বলে খবর রয়েছে। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর হামলার নিন্দা জানিয়ে চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানান।
রাখাইনে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের প্রবেশ করতে দেয় না মিয়ানমার সরকার। এ প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারকে বলবে যে তারা যাতে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের রাখাইনে প্রবেশের অনুমতি দেয়। সাংবাদিকরা তার কাছে জানতে চান, মিয়ানমারের নেত্রী অং সান সু চির শান্তিতে নোবেল পুরস্কার এখন তার কাছে রাখা উচিত কিনা। এছাড়া ওই ব্রিফিংয়ে সাংবাদিকরা রাখাইন পরিস্থিতি নিয়ে অং সান সু চির ‘ভুয়া খবর’ ছড়িয়ে দেয়ার অভিযোগের বিষয়েও যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি জানতে চান। এ কথার জবাবে হিদার নুয়ার্ট বলেন, ২৫ আগস্ট থেকে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে যে হাজার হাজার মানুষ এসে আশ্রয় নিয়েছে, তাদের সহযোগিতা করার জন্য জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে কাজ করছে যুক্তরাষ্ট্র।
সাময়িক আশ্রয় দেবে মালয়েশিয়া : রাখাইন থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সাময়িক আশ্রয় দেবে মালয়েশিয়া। শুক্রবার মালয়েশিয়ার মেরিটাইম এজেন্সির পরিচালক জুলকিফলি আবু বাকার একথা বলেন। তবে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রাখাইন থেকে মালয়েশিয়া যেতে হলে মাঝে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিতে হয়। জুলকিফলি আবু বাকার বলেন, ‘তারা যাতে তাদের ভ্রমণ চালিয়ে যেতে পারেন, সেজন্য প্রয়োজনীয় মৌলিক জিনিসপত্র সরবরাহ করা হবে। কিন্তু শেষ পর্যন্ত তাদের ফেরত পাঠানো হবে।’ বর্তমানে মালয়েশিয়ায় ১ লাখ রোহিঙ্গা অবস্থান করছেন জানিয়ে তিনি বলেন, পালিয়ে আসা রোহিঙ্গারা বিশেষ অভিবাসন কেন্দ্রে থাকার সুযোগ পাবেন। এসব কেন্দ্রে সাধারণত পাসপোর্ট ও ভিসা ছাড়া মালয়েশিয়ায় আসা বিদেশিদের রাখা হয়।
সহায়তা দেবে ইরান : ইরানের রেড ক্রিসেন্ট বলেছে, তারা মিয়ানমারে গিয়ে রোহিঙ্গাদের ত্রাণ সহযোগিতা দিতে আগ্রহী। বৃহস্পতিবার সংস্থাটির প্রধান মোর্তেজা সালিমি বলেন, তার সংস্থা রাখাইনে গিয়ে রোহিঙ্গাদের খাবার ও জীবন বাঁচানোর জন্য জরুরি জিনিসপত্র সরবরাহ করতে চায়, যদি মিয়ানমার তাদের অনুমতি দেয়। খবর বার্তা সংস্থা আইএসএনএ’র। প্রসঙ্গত, ২৫ আগস্ট মিয়ানমারের কয়েকটি পুলিশ চৌকিতে বিচ্ছিন্নতাবাদীরা হামলা চালালে দমন-পীড়ন শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে পরিকল্পিত হত্যা ও নির্যাতনের শিকার হন বহু রোহিঙ্গা। তাদের বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়। প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসেন প্রায় তিন লাখ রোহিঙ্গা।
সেপ্টেম্বর ৯, ২০১৭/ Choity.
























































