
পূর্বাশা ডেস্ক:
টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ঢাকার আইডিয়াল ‘ল’ কলেজের ছাত্রী জাকিয়া সুলতানা রূপার হত্যার ময়নাতদন্ত রিপোর্টে ধর্ষণের পর তাকে হত্যার আলামত পাওয়া গেছে।
১২ সেপ্টেম্বর মঙ্গলবার সিভিল সার্জনের কাছে চিকিৎসকদের জমা দেয়া প্রতিবেদনে বলা হয়েছে, মাথায় আঘাতজনিত কারণে রূপার মৃত্যু হয়েছে। আর মৃত্যুর আগে জোরপূর্বক ধর্ষণের আলামতও পাওয়া গেছে।
টাঙ্গাইল সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সাইফুল ইসলাম খান জানান, রূপার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়ার গেছে। মূলত মাথায় কয়েকটি আঘাতের কারণে রূপার মৃত্যু হয়েছে। এর আগে তাকে ধর্ষণ করা হয়েছে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা মধুপুরের অরণখোলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাইয়ুম খান সিদ্দিকী জানান, ময়নাতদন্তের সময় সংরক্ষিত রূপার সোয়াব, দাঁত ও পরিধেয় বস্ত্র ডিএনএ পরীক্ষায় পাঠানোর জন্য টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে মঙ্গলবার আবেদন করা হয়েছিল। পরে আদালত এগুলো ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছেন।
এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম জানান, দ্রুততম সময়ের মধ্যে এই ডিএনএ পরীক্ষা করে আনা হবে।
এর আগে ৩০ আগস্ট বুধবার বড় ভাই হাফিজুর রহমান লাশ তাদের গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার জন্য আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে কলেজছাত্রী রূপা প্রামানিকের লাশ কবর থেকে ৩১ আগস্ট তোলার নির্দেশ দিয়েছেন আদালত। একই সময় মামলার অপর ২ আসামির জবানবন্দী গ্রহণ করা হয়েছে।
পুলিশ ২৮ আগস্ট সোমবার রাতে বগুড়া থেকে ময়মনসিংহগামী ছোঁয়া পরিবহন বাসটি মধুপুর অতিক্রম করার সময় আটক করে এবং বাসের চালক, সুপারভাইজার ও হেলপারসহ পাঁচ জনকে গ্রেফতার করে। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা রুপাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে।
প্রসঙ্গত, টাঙ্গাইলের মধুপুরে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফন করার পর স্বজনদের খুঁজে পেয়ে তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে যে, চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের পর ওই তরুণীকে হত্যা করা হয়।
২৫ আগস্ট শুক্রবার রাতে ছোঁয়া পরিবহনের একটি বাসে করে সিরাজগঞ্জ থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রুপা প্রামাণিক (২৫) নামে ওই তরুণী সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার শিকার হন বলে জানান মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
২০১৭/মাহি























































