
পূর্বাশা ডেস্ক:
চাল উৎপাদনে বিশ্বে ৪র্থ স্থানে বাংলাদেশ। অথচ প্রধান এ খাদ্যশস্যটি নিয়েই এখন গভীর সংকটে দেশ। চাল আমদানি করতে ৫টি দেশ থাইল্যান্ড, কম্বোডিয়া, রাশিয়া, ভিয়েতনাম ও ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ বাংলাদেশ। এর মধ্যে একমাত্র ভিয়েতনাম তাৎক্ষণিকভাবে ইতিবাচক সাড়া দিয়েছে। অন্যদিকে চাল ও গম কিনতে কম্বোডিয়া, থাইল্যান্ড, মিয়ানমার ও রাশিয়াসহ কয়েকটি দেশে সফর করেছেন খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা। ফল শূন্য।
সর্বশেষ, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম মিয়ানমারে সফর করেছেন। কথা ছিল, দেশটি থেকে বছরে ১০ লাখ টন চাল আমদানির চুক্তি করা হবে। কিন্তু চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) সম্পাদন ছাড়াই দেশে ফিরে এসেছে খাদ্যমন্ত্রীর নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধি দল। এ সফরে খাদ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক তোফাজ্জেল হোসেন এবং মন্ত্রীর স্ত্রী ও একান্ত সচিবও?
এদিকে বাংলাদেশে চালের দাম বেড়ে যাওয়া নিয়ে ইতোমধ্যে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। সংস্থাটির মতে, গত তিন মাসে দেশে চালের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার পরিস্থিতি উদ্বেগজনক। এবারই প্রথম বাংলাদেশের জন্য এমন সতর্কবার্তা দিল এফএও। গত মঙ্গলবার সংস্থাটি বিশ্বের খাদ্য পরিস্থিতি নিয়ে এই মূল্যায়ন প্রতিবেদনটি প্রকাশ করেছে। এতে বলা হয়, গত এক মাসে বিশ্বের খাদ্য উৎপাদন বেড়েছে, দামও কমেছে; বিশেষ করে চাল-গম ও দানাদার খাবারের। তবে বাংলাদেশের বাজারে প্রধান খাদ্য চালের দাম অস্বাভাবিক বেড়ে গেছে।
এদিকে ভারত চাল রপ্তানি বন্ধ করে দিচ্ছেÑ এমন খবরে দেশের চালের বাজার আরও অস্থিতিশীল হয়ে পড়েছে। গত দুদিনেই পাইকারিতে কেজিপ্রতি গড়ে ৫ টাকা করে দাম বেড়েছে।
এ অবস্থায় রবিবার থেকে সারা দেশে ফের চালু হচ্ছে খোলাবাজারে বিক্রি (ওএমএস) কর্মসূচি, আর ২০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তালিকাভুক্ত হতদরিদ্রদের জন্য ১০ টাকায় চাল বিক্রি কার্যক্রম।
খাদ্য বিভাগের মহাপরিচালক বদরুল হাসান গতকাল বলেন, চুক্তি হয়েছে। চালও আসবে। যা দেরি তা নিয়মের কারণে।
এদিকে সরকারি তথ্য-উপাত্ত বলছে, ৫ দেশ কথা দিলেও একমাত্র ভিয়েতনামের সরকার চুক্তির আড়াই লাখ টন চালের মধ্যে ১ লাখ ৫৫ হাজার টন দ্রুততার সঙ্গে বাংলাদেশে পাঠিয়েছে। ওই চাল সাম্প্রতিক বন্যা, রোহিঙ্গাদের আশ্রয়সহ বেশ কিছু সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে ভারত সরকার ৩০ নভেম্বর পর্যন্ত চাল রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
গত বছর ১২ সেপ্টেম্বর সরকারের খাদ্যভা-ারে ৭ লাখ ২১ হাজার ৭০৯ টন চালের মজুদ ছিল। এ বছরের একই সময়ে মজুদের পরিমাণ ৩ লাখ ৩৭ হাজার ১৩৪ টনে নেমে এসেছে। এ খাতের বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ একটি দেশের খাদ্য নিরাপত্তায় এ মজুদ যথেষ্ট নয়।
সরকারি-বেসরকারি তথ্য-উপাত্ত বলছে, চাল নিয়ে একই ধরনের সমস্যা সৃষ্টি হয়েছিল ২০০৭-০৮ অর্থবছরে। সে সময় বন্যায় দেশের চাল উৎপাদন ২৫ লাখ টন কমে যায় এবং দাম কেজিপ্রতি ৪০ টাকা পর্যন্ত উঠেছিল। আর বর্তমানে মোটা চালের দামই বেড়ে দাঁড়িয়েছে ৪৮ থেকে ৫০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রের কৃষিবিষয়ক সংস্থা ইউএসএআইডিএর হিসাব অনুযায়ী, ২০০৭ সালে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ২০ লাখ ৪৭ হাজার টন চাল আমদানি হয়। ২০০৮ সালে চালের আমদানি ৭ লাখ ৩২ হাজার টনে নেমে আসে। কৃষকরা ভালো দাম পাওয়ায় ২০০৯ সালে উৎপাদন বৃদ্ধি পায়। ফলে আমদানি কমে ৯২ হাজার টনে নেমে আসে। ২০১৩ সালে আবারও ৭ লাখ ৮০ হাজার টন, ২০১৪ সালে ১২ লাখ ৫১ হাজার টন চাল আমদানি হয় দেশে। এ সময় আমদানি নিয়ন্ত্রণে দুই দফায় ২৮ শতাংশ শুল্ক আরোপ করা হয়। ২০১৫ সালে আমদানি কমে ১ লাখ ১৭ হাজার টন ও ২০১৬ সালে ৭০ হাজার টনে নেমে আসে। আর ২০১৭ সালের প্রথম ছয় মাসে চালের আমদানি হয়েছে ৭ লাখ টন।
অন্যদিকে ২০১১-১২ অর্থবছরে দেশে মোট ৩ কোটি ৩৭ লাখ টন চালের উৎপাদন হয়। এর পর ২০১৪-১৫ পর্যন্ত ধারাবাহিকভাবে চালের উৎপাদন বছরে ৩ লাখ টন করে বাড়তে থাকে। ২০১৫-১৬ অর্থবছরে এসে উৎপাদন বৃদ্ধির হার থেমে যায়। ২০১৬-১৭ অর্থবছরে চাল উৎপাদিত হয় ৩ কোটি ৪৫ লাখ টন। চলতি অর্থবছরে তা কমে ৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টনে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চাল আমদানির চালচিত্র
থাইল্যান্ড, কম্বোডিয়া, রাশিয়া, ভিয়েতনাম ও ভারতের সঙ্গে চাল আমদানির জন্য চুক্তি ও সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ সরকার। এর মধ্যে একমাত্র ভিয়েতনাম থেকে আড়াই লাখ টনের বিপরীতে দেড় লাখ টন চাল এসেছে। কম্বোডিয়া ও থাইল্যান্ডের সঙ্গে চুক্তি হলেও এখনো চাল পায়নি সরকার। তবে কম্বোডিয়া থেকে প্রতিটন ৪৫৩ মার্কিন ডলার হিসেবে আড়াই লাখ টন আতপ চাল কিনতে গত বুধবার ঋণপত্র (এলসি) খোলা হয় বলে জানান খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। উল্লিখিত সব দেশের সঙ্গেই ৫ বছরের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
ভিয়েতনাম, কম্বোডিয়া ও থাইল্যান্ডÑ এই তিন দেশ থেকে বছরে ১০ লাখ টন চাল আমদানি করা হবে বলে খাদ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়। কিন্তু এ পর্যন্ত থাইল্যান্ড বা কম্বোডিয়া থেকে এক টন চালও জিটুজিতে আমদানি হয়নি।
এদিকে ১৭ সেপ্টেম্বর মিয়ানমার রাইস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং থান উ’র নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। দেশটি থেকে ২ লাখ টন চাল কিনতে পরে বাংলাদেশ।
চালের সংকট নেই, চালবাজি চলছে : সরকার
এ অবস্থার মধ্যে চালের সংকট নাকচ করে দেওয়া হচ্ছে সরকারের সকল পর্যায় থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেনÑ দেশে চালের সংকট নেই।
সংসদে গতকাল প্রধানমন্ত্রী বলেন, কারা এসব গুজব ছড়িয়ে খেলছে? চলতি মৌসুমে ২৭ লাখ টন চাল উৎপাদন হবে। কোথাও কেউ মজুদ রেখে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে কিনাÑ তল্লাশি করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। মানুষের খাদ্য নিয়ে কাউকে খেলতে দেব না। সারা দেশের প্রতিটি গোডাউনে কোথায় কত টন চাল আছে, সেই সঙ্গে কৃষকের ঘরে, মিলমালিকদের কাছে কোথায় কত ধান-চাল আছে, তার একটা হিসাব নিচ্ছি।
কারসাজি করে ও মিথ্যা তথ্য সরবরাহ করে বাজারে গুজব ছড়িয়ে চালের দাম বাড়ানোর চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, আর্টিফিশিয়ালি সংকট তৈরির চেষ্টা হয়েছে। দেশবাসীকে জানাতে চাইÑ মিনিমাম এক কোটি টন চাল আমাদের ঘরে ঘরে আছে।
একই তথ্য জানান কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, গত তিন বছর ধরে আমরা আউশ ধানের উৎপাদন বাড়াতে প্রণোদনা দিয়ে আসছি। এ প্রচেষ্টার অংশ হিসেবে গত বছরের তুলনায় এবার আউশের উৎপাদন বেড়েছে।
দেশে এত চাল থাকতেও এ নিয়ে চালবাজি ও রাজনীতি হচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী। চালের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী বলেন, চাল নিয়ে রাজনীতি চলছে, দেশকে একটা বিভ্রাটের মধ্যে ফেলার চেষ্টা করা হচ্ছে। উদ্দেশ্যমূলকভাবে চাল নিয়ে চালবাজি হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ভীতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এক শ্রেণির ব্যবসায়ী ও মিল মালিকরা চালবাজি করছেন অভিযোগ করে তিনি বলেন, আমরা ষড়যন্ত্রের মধ্যে আছি। কারণ বাংলাদেশেই এক কোটি টন চাল আছে, তার পরও এ অবস্থা। মজুদদার, আড়তদার, মিল মালিকসহ সবাইকে জানাবÑ আপনারা যেভাবে (চালের) দাম বাড়াচ্ছেন, যেভাবে সিন্ডিকেট করে দেশে চালবাজি শুরু করেছেন, চাল নিয়ে রাজনীতি করে একটা বিভ্রাট সৃষ্টির চেষ্টা করছেন, তা কোনো অবস্থাতেই বরদাশত করা হবে না।
২০১৭/রুমকী























































