
পূর্বাশা ডেস্ক:
সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন ভারত। এছাড়া রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের পাশে থাকার কথা জানান তিনি।
বৃহস্পতিবার রাতে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ভারতের অবস্থানের কথা জানান সুষমা।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব নজরুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, রোহিঙ্গা নিয়ে বাংলাদেশের যে অবস্থান, ভারতেরও একই অবস্থান।
সুষমা স্বরাজকে উদ্ধৃত করে নজরুল ইসলাম বলেন, ‘তারা (মিয়ানমার) যেন তাদের শরণার্থীদের ফিরিয়ে নেয়, সেজন্য ভারতের পক্ষ থেকে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চাপ দিয়ে যাওয়ার কথা বলেছেন উনি (সুষমা)।’ সুষমা বলেন, ভারতের কথাও হল, রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করতে হবে।
ফোনালাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, শুধু মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। মিয়ানমারকে রোহিঙ্গাদের নিজ নাগরিক হিসেবে স্বীকার করতে হবে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে রোহিঙ্গা জন্য ভারতের পক্ষ থেকে ৫৩টন ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধণ শ্রিংলা।

রোহিঙ্গা সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধণ শ্রিংলাও। তিনি বলেন, ‘বাংলাদেশে প্রায় চার লাখ রোহিঙ্গা এসেছে। বাংলাদেশের মতো বহুল জনসংখ্যার দেশে তাদের খাদ্য ও বস্ত্র যোগান দেওয়া বড় চ্যালেঞ্জ। বিষয়টি অনুধাবন করে ভারত সাত হাজার টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে। ৫৩ টন পাঠানো হয়েছে। বাকিগুলো ভারতের বিশাখাপত্তম বন্দর থেকে জাহাজে এবং বিমানে করে কয়েকদিনের মধ্যে চট্টগ্রাম আসবে।’
ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ ভারত। পুরো বিষয়টিতে আমরা বাংলাদেশকে সমর্থন করি। বাংলাদেশ যা করছে ভারত তাকে অত্যন্ত প্রশংসনীয় মনে করছে। তাই রোহিঙ্গাদের জন্য আমাদের যে ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে তার নাম দেওয়া হয়েছে অপারেশন ইনসানিয়াত।
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশে যে পরিমাণ রোহিঙ্গা এসেছে তা বাংলাদেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য হুমকি। এরপরও মানবিক বিবেচনায় বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে। এজন্য আমরা বাংলাদেশকে সাধুবাদ জানাই।
২০১৭/রুমকী






















































