
পূর্বাশা ডেস্ক:
যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৫ অক্টোবরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। অন্যথায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।
রোববার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মহানগর হাকিম নূর নবী এ আদেশ দেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মামলার বাদী এ বি সিদ্দিক।
চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম মশিউর রহমান খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবেদন দাখিল করেন।
২০১৬ সালের ৩ নভেম্বর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক স্বীকৃত স্বাধীনতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে একটি মানহানির মামলা করেন।
ওই দিন ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা তদন্তের নির্দেশ দেন। মামলায় খালেদা জিয়া এবং তার স্বামী, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আসামি করা হয়।
সেপ্টেম্বর ১৭, ২০১৭

























































