শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রধানমন্ত্রীকে হত্যা চক্রান্তের খবর মিথ্যা : শিল্পমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যায় জঙ্গিদের একটি চক্রান্ত বানচাল করা হয়েছে বলে যে খবর বিদেশি গণমাধ্যমে এসেছে, তা নাকচ করে দিয়েছেন সরকারের প্রভাবশালী মন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু।

রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষা-সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন শিল্পমন্ত্রী।

আমু বলেন, ‘সত্যতা পাননি বলে এই বিষয়টি নিয়ে কমিটির বৈঠকে কোনও আলোচনা হয়নি।’

শনিবার (২৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-তে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আগস্টের ২৪ তারিখে শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) কয়েকজন সদস্য দিয়ে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশও (জেএমবি) জড়িত। কিন্তু শেখ হাসিনার কাছের কয়েকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাউন্টার টেররিজম ইউনিটের কয়েকজন কর্মকর্তার প্রচেষ্টায় সে পরিকল্পনা ব্যর্থ হয়।

ভারতের গণমাধ্যমে এই খবর আসার পর আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের কারও ভাষ্য পাওয়া গেল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, নৌমন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন।

শরণার্থী সঙ্কটের মধ্যে মন্ত্রিসভা কমিটির এই সভায় রোহিঙ্গা এবং আসছে দুর্গা পূজার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য বা ছবি দেখে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান শিল্পমন্ত্রী আমু।

সেপ্টেম্বর ২৪, ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি