রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ডিপজলের হার্টে অস্ত্রোপচার সম্পন্ন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:
চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার তার হার্টের অস্ত্রোপচার করা হয়েছে। মঙ্গলবার সকালে তার মেয়ে অলিজা মনোয়ারের বরাত দিয়ে ডিপজলের ঘনিষ্ঠজন ও চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, অলিজা মনোয়ারের সঙ্গে গতকাল আমার কথা হয়েছে। সোমবার ডিপজলের হার্টের অস্ত্রোপচার করা হয়েছে। হার্টের রক্তনালিতে একাধিক ব্লক পাওয়া গেছে। তিনটি রিং পরানো হয়েছে। ডাক্তার এক মাসের পর্যবেক্ষণে রাখবেন। তাই আপাতত সিঙ্গাপুরে থাকতে হবে তাকে। সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন। উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে হৃদ্রোগে আক্রান্ত হন ডিপজল। তাকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকেরা তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য পরদিন বুধবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডিপজলকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে সিঙ্গাপুর গেছেন মেয়ে অলিজা মনোয়ার। নেতিবাচক ও ইতিবাচক দুই ধরনের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছেন বাংলা চলচ্চিত্রের এই শক্তিমান অভিনেতা। আগামী ১৩ই অক্টোবর মুক্তি পাবে ডিপজল অভিনীত ও মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি। এ ছবিতে অভিনয় করেছেন মৌসুমী, বাপ্পি ও মিম। এ ছাড়া ছটকু আহমেদ পরিচালিত ‘এক কোটি টাকা’ ছবির বেশির ভাগ কাজ তিনি শেষ করেছেন তিনি।

পূর্বাশানিউজ/২৬সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি