
পূর্বাশা ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এক নেতাকে নিয়ে আলোচনা বেশি। তিনি দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এর বাইরে আরেক কেন্দ্রীয় নেতা ডা. কাজী মাযহারুল ইসলাম দোলনও মনোনয়ন চান।
অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে এ পর্যন্ত মনোনয়নপ্রত্যাশী নেতার সংখ্যা চারজন। তাদের নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে আছেন। এ অবস্থা অব্যাহত থাকলে আগামী নির্বাচনে দলকে খেসারত দিতে হতে পারে বলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মনে করছেন। যত শিগগিরই সম্ভব বিভক্ত নেতাকর্মীদের এক কাতারে দাঁড় করাতে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা। আওয়ামী লীগের এই অন্তর্কোন্দল বুলুর ভোটের মাঠের লড়াইকে সহজ করে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকমহল।
এ আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ। এলাকার আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে তার অবদান রয়েছে। তার গ্লোব ফার্মাসিউটিক্যালস, গ্লোব সফট ড্রিংক, গ্লোব বিস্কুট অ্যান্ড ডেইরি মিল্ক ও গ্লোব ফিশারিজসহ কয়েকটি শিল্পকারখানায় কয়েক হাজার লোকের কর্মসংস্থান রয়েছে।
আরেক মনোনয়নপ্রত্যাশী নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইন্টারম্যাক্স গ্রুপের চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাও। তিনি নিয়মিত এলাকায় দান-অনুদান প্রদানের মাধ্যমে নিজের অবস্থান জানান দিচ্ছেন। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে তারও ব্যাপক ভূমিকা রয়েছে। তার ঘনিষ্ঠজনদের বিশ্বাস, সমঝোতার ভিত্তিতে এনায়েতকে আওয়ামী লীগের প্রার্থী করা হলে তিনি ভোটের লড়াইয়ে এগিয়ে থাকবেন।
এটিএম এনায়েত উল্যার সহোদর নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যা বেগমগঞ্জ তথা পুরো নোয়াখালীর বিভিন্ন স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন ও মুক্তিযুদ্ধের স্মৃতিসংবলিত স্থায়ী ভাস্কর্য সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখছেন। তার এসব কর্মকা- ভাই এটিএম এনায়েত উল্যার ভোটের মাঠে ইতিবাচক প্রভাব ফেরতে পারে।
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে আরও আছেন সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদের সহোদর নোয়াখালী জেলা আওমী লীগের সহসভাপতি মিনহাজ আহমেদ জাবেদ। ২০০৮ সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে ভোট পেয়েছিলেন ৪৬ হাজার। আর আওয়ামী লীগের প্রার্থী কামরুন নাহার মুন্নি পেয়েছিলেন ৪ হাজার ১শ ভোট। ওই নির্বাচনে মামুনুর রশিদ কিরণ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৭৫ হাজার ভোট পেয়েছিলেন। আওয়ামী লীগের ভোট তিন নেতার বাক্সে ভাগ হয়ে যাওয়ায় ওই নির্বাচনে বিএনপির প্রার্থী বরকত উল্লাহ বুলু ৯৬ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।
চৌমুহনী পৌরসভার মেয়র ও চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন ফয়সল আগামী সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন চান। তিনি সাবেক সংসদ সদস্য ও শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম নুরুল হক মিয়ার দৌহিত্র এবং বর্তমান প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহম্মদ সিদ্দিকীর ছোট ভাই।
বিএনপির কয়েক নেতা জানান, এ আসনে দলের একক সম্ভাব্য প্রার্থী সদ্য কারামুক্ত দলের বর্তমান কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি মনোনয়ন পাচ্ছেন এটা অনেকটা নিশ্চিত। দলের হাইকমান্ড থেকে সবুজ সংকেত আছে। এছাড়া দলের কেন্দ্রীয় নেতা ডা. কাজী মাযহারুল ইসলাম দোলনও প্রার্থী হতে চান। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অনুসারী হিসেবে পরিচিত তিনি।
২০০১ সালের নির্বাচনের আগে পারটেক্স গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেম আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেন। বিএনপির প্রার্থী হয়ে জয়লাভও করেন তিনি। কিন্তু বরকত উল্লাহ বুলু ১৯৯১, ১৯৯৬ ও ২০০৮ সালের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন।
এ ব্যাপারে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম বলেন, এ আসনে সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগ একক প্রার্থী মনোনীত করলে বিজয় লাভে সমস্যা হবে না।
বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক মাস্টার ইসমাইল হোসেন জানান, শান্তি, উন্নয়ন ও নিরাপত্তাসহ সর্বক্ষেত্রে বেগমগঞ্জে বর্তমান সাংসদের বিকল্প নেই।
বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুর রহিম জানান, কেন্দ্রীয়ভাবে দল যাকে প্রার্থী দেবে, তার সমর্থনে সব নেতাকর্মী ও সমর্থক ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
চৌমুহনী শহর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন জানান, এ আসনে বিএনপি প্রার্থী মনোনয়নের ব্যাপারে অত্যন্ত সুবিধাজনক অবস্থানে আছে। এখন পর্যন্ত একক প্রার্থী হিসেবে সদ্য কারামুক্ত কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রায় মনোনীত আছেন।
২০১৭/রুমকী

























































