
পূর্বাশা ডেস্ক:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জমি নিয়ে বিরোধে ১১ দিন ধরে বন্দি করে রাখা হয়েছে এক পরিবারকে। চলাচলের এক মাত্র ব্রিজ ভেঙ্গে দিয়ে কাটা তাঁরের বেড়া দেওয়ার কারণে বাড়ি থেকে বের হতে পারছে না এই পরিবারের সদস্যরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত জাহানারা বেগম।
লিখিত অভিযোগ ও ক্ষতিগ্রস্ত জাহানারা জানান, উপজেলার ৯নং ইউনিয়নের উদমারা গ্রামের মন্সীবাড়ীর আব্দুল আলীর সাথে ২ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে একই বাড়ীর জাহানারা বেগমের সাথে। ওই জমি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। হঠাৎ করে গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) আব্দুল আলী প্রায় শতাধিক ভাড়াটে লোকজন নিয়ে জাহানাদের চলাচলের এক মাত্র ব্রিজ ভেঙ্গে দিয়ে ওই জমি দখল করে কাটা তাঁর দিয়ে বেড়া দিয়েছে। ফলে জাহানারাদের গত ১১ দিন থেকে বাড়িতে বন্দি রয়েছেন। বিষয়টি নিয়ে রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
৯নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের মধ্যে জমিজমা দিয়ে দ্বন্দ্ব চলছে। দ্বন্দ্ব মীমাংসার জন্য উভয় পক্ষকে ডেকে সমঝোতা জন্য একটি সালিশ বৈঠকের কথা বলা হয়েছে। কিন্তু আব্দুল আলী সমঝোতার বৈঠকের আগেই লোকজন নিয়ে এ কাজ করেছেন। ঘটনার দিন পরিষদের গ্রাম পুলিশ পাঠিয়ে তাকে এসব না করার জন্য বলা হয়েছে। কিন্তু সে আমাদের কথা শুনছে না।
অভিযুক্ত আব্দুল আলী বলেন, আমার জমির ওপর তাঁর দিয়ে বেড়া দিয়েছি। অন্য কারো জমিতে বেড়া দেওয়া হয়নি। ওই ব্রিজটিও আমার জমি মধ্যে পড়েছে। তাই ভেঙ্গে দেওয়া হয়েছে।
রায়পুর থানার (ওসি তদন্ত) সোলাইমান চৌধুরী বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। তদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
০২ অক্টোবর, ২০১৭ ইং/ Choity.






















































