সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খুচরায় অপরিবর্তিত কাঁচা মরিচের দাম


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:
অস্বাভাবিকভাবে দাম বাড়ার পর পাইকারি বাজারে মরিচের দাম কিছুটা কমে আসলেও খুচরা বাজারে এর কোন প্রভাব এখনো পড়েনি। ফলে ২৫০ গ্রাম (এক পোয়া) মরিচ কিনতে এখনও সাধারণ ক্রেতাকে গুনতে হচ্ছে ৪৫-৫৫ টাকা। ফলে কেজিপ্রতি মরিচের মূল্য সেই ২০০-২৫০ টাকাতেই রয়েছে।
রাজধানীর খুচরা বাজারগুলোতে কাঁচা মরিচের দাম এখনও আকাশ ছোঁয়া জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে মরিচের দাম কিছুটা কমে এসেছে। দুই-এক দিনের মধ্যে খুচরা বাজারেও এর প্রভাব পড়বে। তবে হুট করে সেটা অর্ধেকে নেমে আসবে না।
রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, খুচরায় বেশিরভাগ বিক্রেতারা আগের দামেই কাঁচা মরিচ বিক্রি করছেন। ২৫০ গ্রাম কাঁচা মরিচের মূল্য তারা রাখছেন ৪০ টাকা থেকে ৫৫ টাকা। কেজিপ্রতি দাম পড়ছে ১৬০ টাকা থেকে ২২০ টাকা। তবে ১০০ গ্রাম মরিচ বিক্রেতারা বিক্রি করছেন ২০ থেকে ২৫ টাকায়। এক্ষেত্রে কেজিপ্রতি দাম পড়ছে ২০০ থেকে ২৫০ টাকা।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে দাম কিছুটা কমেছে এটা যেমন সত্য। তেমনি গাড়ি ভাড়া দেয়াসহ অন্যান্য খরচ থাকায় খুচরায় দাম কমানো যাচ্ছে না। তবে শিগগিরই দাম কমে যাবে। বাজারে মরিচের সরবরাহ বাড়ছে। চাহিদার সঙ্গে যোগান স্বাভাবিক হলেই দাম অনেকটাই হাতের নাগালে চলে আসবে।
জানা গেছে, পাইকারি বাজারে গত সপ্তাহে ২৫০ থেকে ৩০০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন তা কমতে শুরু করেছে। আগের দামে চেয়ে কেজিপ্রতি প্রায় ৪০-৫০ কমে পাওয়া যাচ্ছে। তবে খুচরা বাজারে কাঁচা মরিচ এখনো আগের দামেই বিক্রি করছে ব্যবসায়ীরা।
গত এক সপ্তাহ ধরে চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। ব্যবসায়ীদের দাবি, পূজার ছুটিতে ভারত থেকে আমদানি বন্ধ থাকায় সরবরাহ ঘাটতি হয়েছে। তাই দাম বেড়ে গেছে। তবে একই সঙ্গে আশার বাণীও শোনাচ্ছেন। বলছেন, পাইকারি বাজারে দাম কমে যাওয়ায় দুই-এক দিনের মধ্যে খুচরা বাজারেও কমবে কাঁচা মরিচের দাম।

পূর্বাশানিউজ/০৯অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি