শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নতুন করে উত্তপ্ত দার্জিলিং


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১০.২০১৭


পূর্বাশা ডেস্ক:

নতুন করে উত্তপ্ত হয়ে উঠল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংসহ পাহাড়; ঝরল রক্ত। গোর্খা জনমুক্তি মোর্চা এবং পুলিশের মধ্যে সংঘর্ষে মৃত্যু হলো এক সাব-ইন্সপেক্টরের (এসআই)। শুক্রবার সকালে মোর্চা-পুলিশ সংঘর্ষের সময় মারা যান তিনি। পুলিশ গোপন সূত্রে খবর পায় দার্জিলিংয়ের পাতলেবাসের কাছে টগবর জঙ্গলে বেআইনি অস্ত্র কারখানা রয়েছে। তারপরই সেখানে অভিযান চালানো হয়। অভিযোগ উঠেছে, পাতলেবাসের তকনই লিম্বু বস্তির কাছে বিমল গুরুংপন্থী মোর্চা-সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে মোর্চা-সমর্থকরা। গুলিতে পুলিশের এসআই অমিতাভ মল্লিকের মৃত্যু হয়। এছাড়া আহত হন চার পুলিশ কর্মী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও মোর্চার পাল্টা দাবি, সংঘর্ষে তাদের দলীয় এক কর্মীও নিহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, ওই এলাকায়ই লুকিয়ে যাতায়াত ছিল গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুংয়ের। গুরুংকে পালিয়ে যাওয়ার জন্য সুবিধা করে দিতেই এ হামলা চালানো হয় বলে মনে করছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে গুরুংয়ের সন্ধানে ওই এলাকায় জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অন্যদিকে দীর্ঘদিন আড়ালে থাকার পর এবার প্রকাশ্যে আসার বার্তা দিয়েছেন মোর্চার প্রধান বিমল গুরুং। বৃহস্পতিবার রাতে তিনি এক অডিও বার্তায় জানান, ৩০ অক্টোবর জনসমক্ষে আসছেন তিনি। জনতার আহ্বানেই সামনে আসছেন তিনি। গুরুং জানান, জনতার জন্য মরতেও রাজি আছেন তিনি। জাতির জন্যই লড়াই করছেন। তিনি বলেন, জনতা ডাকলে আমাকে সামনে আসতেই হবে। তাই তিনি সামনে আসবেন। তিনি প্রকাশ্যে এলে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, তরাই ও ডুয়ার্সের লাখো জনতা রাস্তায় নামবেন বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে মোর্চা সভাপতি বিমল গুরুং তার কয়েক ঘনিষ্ঠকে নিয়ে পাতলেবাসেই লুকিয়ে রয়েছেন বলে দাবি করেন পশ্চিমবঙ্গের এডিজি (আইনশৃঙ্খলা) অনুজ শর্মা। তিনি দাবি করেন, গুরুং এখন সিকিম পালানোর চেষ্টা করছেন। পুলিশের দাবি, ভারতের উত্তর-পূর্বের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যোগাযোগ রাখছেন গুরুং। তবে গুরুংয়ের সন্ধানে জোর তল্লাশি চলছে।

পূর্বাশানিউজ/১৪অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি