
ডেস্ক রিপোর্ট :
নোয়াখালীর চাটখিলে ‘মাদক বিক্রেতাদের লাঠির আঘাতে’ এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত কোহিনূর আক্তার (৪৫) উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আফসারখিল গ্রামের নূরুল ইসলামের স্ত্রী।
চাটখিল থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান,ওই এলাকা থেকে শনিবার রাতে তার লাশ উদ্ধার করেন তারা।
পাঁচগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবু নাছের আশিক বলেন, সম্প্রতি আফসারখিল গ্রামের কয়েকজন যুবক মাদকবিরোধী আন্দোলন শুরু করে।
এর জেরে গত রোববার পাশের দৌলতপুর গ্রামের ‘মাদকবিক্রেতা’ ভুলু, কুদ্দুস ও তাদের অনুসারীরা আফসারখিল গ্রামে এসে ওই যুবকদের পাঁচটি দোকান ও ঘরে ভাংচুর করে।
তিনি বলেন, এনিয়ে গত কয়েক দিন ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। শনিবার বিকালে ভুলু ও কুদ্দুসের নেতৃত্বে দৌলতপুর গ্রামের দুই শতাধিক ‘সন্ত্রাসী’ অস্ত্রশস্ত্র নিয়ে আফসারখিল ও হোসেনপুর গ্রামে ঢুকে কয়েকটি বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালায়।
এ সময় তাদের লাঠির আঘাতে স্থানীয় ইউপি সদস্য ফারজানা আক্তার ও আবু নাছের আশিক সহ ১০ জন আহত এবং ঘটনাস্থলেই কোহিনূরের মৃত্যু হয় বলে জানান তিনি।
ওসি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে বলে জানান তিনি।
২০১৭/মাহি





















































