রবিবার,২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


উদ্বোধনের আগেই নদীতে বিলীন কোটি টাকার স্কুল ভবন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০১৭


ডেস্ক রিপোর্ট :

তেতুলিয়া নদীতে বিলীন হয়ে যাচ্ছে সাইক্লোন শেল্টার কাম বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন। ছবি: সংগৃহীত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সাইক্লোন শেল্টার কাম বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধনের আগেই তেতুলিয়া নদীতে বিলীন হয়ে গেছে।

২৫ অক্টোবর বুধবার ভোর রাতে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত সাইক্লোন শেল্টার কাম প্রাথমিক বিদ্যালয় ভবনটির দুই-তৃতীয়াংশ তেতুলিয়ার তীব্র ভাঙনে নদীতে বিলীন হয়ে যায়।

এদিকে শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন-অর রশিদ জানান, ভবনের অবশিষ্টাংশ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। যে কোনো মুহূর্তে ওই ধ্বংসস্তুপও নদীতে বিলীন হয়ে যেতে পারে। এখনও শ্রীপুর বাজার, শ্রীপুর জামে মসজিদ ও বাহেরচর কওমী মাদ্রাসা ভাঙনের হুমকির মুখে রয়েছে বলে তিনি জানিয়েছেন।

বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাহমুদ হোসেন জানান, অনেকদিন ধরে সাইক্লোন শেল্টার কাম বিদ্যালয় ভবনটি হুমকির মুখে ছিল। বুধবার ভোররাতে ফের ভাঙ্গণ শুরু হলে ভবনটির দুই-তৃতীয়াংশ নদীতে বিলীন হয়ে যায়। ফলে পুরাতন ভবনটি ভাঙন কবলিত হলে বিদ্যালয়ের পাঠদান বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করেন তিনি।

জানা গেছে, নতুন এই ভবনের নির্মাণ কাজ শেষে গত ২৮ জুন সাইক্লোন শেল্টার কাম বিদ্যালয় ভবনটি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে ভবনটি ভাঙনের হুমকির মুখে পড়লে গত ২২ অক্টোবর ওই ভবন নিলামে বিক্রির সিদ্ধান্ত হয়। কিন্তু বিক্রির আগেই ভবনটির বেশিরভাগ নদীতে বিলীন হলো।

পূর্বাশানিউজ/২৬অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি