বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


১৭ লাখ টাকাসহ ৭ ডিবি সদস্য সেনাবাহিনীর হাতে ধরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :
ব্যবসায়ীকে অপহরণের পর আদায় করা মুক্তিপণের টাকাসহ ডিবি পুলিশের সাত সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। অন্য এক সদস্য পালিয়ে গেছেন। তাৎক্ষণিকভাবে তাদের বরখাস্ত করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে নগদ ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়। বুধবার ভোর ৪টার দিকে ডিবির এসব সদস্যকে মেরিন ড্রাইভ সড়কের শাপলাপুর এলাকা থেকে আটক করেন সেনা সদস্যরা। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবির) দুই উপ-পরিদর্শক (এসআই), তিন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও দু’কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার বেলা ২টার দিকে জেলা পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন এ আদেশ দেন। অপহৃত ব্যবসায়ী আবদুল গফুরের ভাই পৌর কাউন্সিলর মনিরুজ্জামান বলেন, আবদুল গফুর মঙ্গলবার কক্সবাজার আয়কর অফিসে রিটার্ন জমা দিতে যান। সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় ডিবির একটি দল। এরপর তাকে ইয়াবা ব্যবসায়ী হিসেবে চালান দেয়ার হুমকি দিয়ে পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করে ডিবির ওই দলটি। দরকষাকষির পর ১৭ লাখ টাকায় তাকে ছেড়ে দিতে সম্মত হয়। টাকা পাওয়ার পর তাকে ভোররাতে কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ এলাকায় ছেড়ে দেয়া হয়। এরপর ওই ব্যবসায়ীর পরিবার বিষয়টি সেনাবাহিনীকে জানালে টেকনাফের মেরিন ড্রাইভ এলাকার লম্বরী সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে ডিবির গাড়িটি থামানো হয়। গাড়িতে এসআই আবুল কালাম আজাদ, এসআই আলাউদ্দিন ও এসআই মনিরুজ্জামান, তিনজন এএসআই এবং ২ কনস্টেবলসহ ৮ জন ছিলেন। গাড়ি থামানোর পর এসআই মনির কৌশলে পালিয়ে যান। গাড়ি থেকে জিম্মির বিনিময়ে আদায় করা ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়। এরপর ৭ জনকে সাবরাং সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসা হয়।
কক্সবাজারের পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল সেনাবাহিনী ক্যাম্পে গিয়ে আটকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের নিয়ে যান। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, অভিযুক্ত দু’এসআই, তিন এএসআই ও দু’কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এটি জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক ইয়াসির আরাফাতের নিয়ন্ত্রণাধীন ২ নম্বর টিম। ইনচার্জকে না জানিয়ে আটকরা এসব অপকর্ম করেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

পূর্বাশানিউজ/২৬অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি