শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গুম-অপহরণ বন্ধে রাজপথে নামতে হবে : রিজভী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, মামলা-হামলা ও নির্যাতন-নিপীড়ন বন্ধে নেতাকর্মীদের রাজপথে নামতে হবে। বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকায় অসবাসরত যশোর জেলাবাসীর উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের রোগমুক্তি কামনায় এই দোয়া মাহফিল হয়।

রিজভী বলেন, দেশে আজকে ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজমান। রাজনীতিকে আজকে বিরাজনীতিকরণ করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা চলছে। এসবের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে অসংখ্য মামলা হতে পারে। আজকে একটার পর একটা বেআইনি কাজ করছেন তিনি। অথচ তিনি রাজ সিংহাসনে বসে আছেন। আর যারা ন্যায়, গণতন্ত্র ও মানুষের বাক স্বাধীনতার পক্ষে তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেয়া হচ্ছে। এসব মামলায় প্রতি সপ্তাহে তাদের আদালতে হাজিরা দিতে হয়। এগুলো চেয়ে চেয়ে দেখলে হবে না। এর বিরুদ্ধে আমাদের রাজপথে নামতে হবে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানের পরিচালনায় এতে বিএনপির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল এবং দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার বক্তব্য দেন। দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, দলের কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস অপু, আমিরুজ্জামান খান শিমুল, অধ্যাপক আমিনুল ইসলাম, যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক, ছাত্রদলের আসাদুজ্জামান আসাদ, নাহিদুল ইসলাম সুহাদ প্রমুখ।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগতে থাকা তরিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার সিঙ্গাপুরে নেয়া হয়েছে।

পূর্বাশানিউজ/২৭অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি