শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কেনিয়া নির্বাচনে সংঘর্ষ, নিহত ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :

কেনিয়ার প্রধান বিরোধী দল নির্বাচন বয়কট করলেও সহিংসতায় অন্তত ৩ জন নিহত হয়েছে। চলতি বছরের আগস্টে কেনিয়ায় অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে নির্বাচনী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তা বাতিল করে দিয়েছিলো দেশটির সুপ্রিম কোর্ট।

এরপর, বেশ নাটকিয়তার ভেতর দিয়ে যাবার পর বৃহস্পতিবার দেশটিতে পুন:নির্বাচন আয়োজন করা হয়। দেশটির পূর্ববর্তী প্রেসিডেন্ট উহুরু কেনিয়াট্টা’র নির্বাচনে বিজয় লাভ নিশ্চিত হয়েছে।

কেনিয়ার বিরোধী দলের প্রধান রাইলা ওডিঙ্গা দেশটির নির্বাচন কমিশনের ওপর পক্ষপাতিত্বের অভিযোগ এনে এ নির্বাচন বয়কট করেছে।

তারা এই নির্বাচনকে প্রতিহত করতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তবে এ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের বাধা প্রদানের ফলে দেশটির বেশ কয়েকটি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সংঘর্ষের ফলে নির্বাচনে ভোটারদের উপস্থিতি বেশ কম হয়েছে। দেশটির বিরোধী দলের শক্তিশালী ঘাঁটি পশ্চিমাঞ্চলীয় শহর কিসুমু’তে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস, জল কামান ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

তবে রাজধানী নাইরোবিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ফলে কোনও প্রকার সহিংসতা ছাড়াই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

কেনিয়ার নির্বাচন কমিশনের প্রধান ওয়াফুলা চেবুকাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিরোধীদলের বিক্ষোভের ফলে দেশটির ৫টি কাউন্টি – কিসুমু, সিয়াইয়া, মিগোরী, হোমাবেই ও বুসিয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে। চলতি মাসের ২৮ তারিখে সেখানে পুনরায় নির্বাচন আয়োজন করা হবে।

পূর্বাশানিউজ/২৭অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি