
ডেস্ক রিপোর্ট :
রাজধানীর রামপুরার পূর্ব হাজিপাড়া থেকে মালিবাগ রেলক্রসিং পর্যন্ত যেন মরণফাঁদ। ব্যস্ততম এই সড়কটি যান চলাচলের জন্য এখন একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। সড়কটি ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টিতে কোমর সমান পানি জমে। তখন পথচারীদের চলাচলে আরো ভোগান্তি বাড়ে। চলাচলে এ সড়কটি ব্যবহার করে এ পর্যন্ত অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে।
রামপুরার তিতাস রোড এলাকা থেকে মেয়ে অরিনকে নিয়ে প্রতিদিনই মালিবাগ সাউথ পয়েন্ট স্কুলে যান সায়মা আলম। মেয়ের স্কুলে যাওয়া-আসার পথে এ সড়কটি দিয়ে চলতে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হয় তাকে। বৃষ্টি হলে ভোগান্তি আরো বেড়ে যায় জানিয়ে সায়মা আলম বলেন, এ সড়কে চলাচল করতে গিয়ে এ পর্যন্ত চারবার রিকশা থেকে পড়ে আহত হয়েছি। তবু মেয়ের স্কুলের জন্য বাধ্য হয়েই সড়কটি ব্যবহার করতে হয়।
সড়কের গর্তে রিকশা উল্টে পড়ে আহত হয়েছেন এলাকার বাসিন্দা মহব্বত আলী। তিনি বলেন, বাধ্য হয়ে রিকশায় চড়তে হয়। অল্প বৃষ্টি হলেই এখানে কোমর সমান পানি জমে। পানির নিচে বড় বড় গর্ত। গত মাসে রিকশা উল্টে গিয়ে হাতে বড় চোট পেয়েছি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, একটি শহরের মধ্যে এমন রাস্তা থাকতে পারে তা যারা না দেখেছে তারা বিশ্বাস করবে না।
রামপুরা হাজিপাড়ার ব্যবসায়ী সাখাওয়াত হোসেন বলেন, সেই ২০১২ সাল থেকে রামপুরা-মালিবাগ রেলগেট পর্যন্ত রাস্তা খুবই খারাপ হয়ে আছে। এর জন্য গাড়ি চলতে পারছে না। রাস্তার পাশে ফুটপাতেরও বেহাল দশা। এলাকায় ব্যবসা বাণিজ্য নেই বললেই চলে। ঈদ বলুন আর পূজা বলুন খরিদ্দার যদি আসতে না পারে তাহলে কিভাবে ব্যবসা হবে, আমরা তো ৫ বছর ধরে লোকসানে আছি, শুধু রাস্তার কারণে। বৃষ্টি হলেই দোকানে পানি ঢুকে পড়ে। নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। তিনি দ্রুত রাস্তা মেরামতের দাবি জানান।
জানা যায়, রামপুরা-মালিবাগ ওয়াসা ও সিটি কর্পোরেশনের পাল্টাপাল্টি দোষারোপে রাস্তাটি অভিভাবকহীন। দায়িত্ব সিটি কর্পোরেশনের হলেও তারা দুষছে ওয়াসাকে। অন্যদিকে ওয়াসা বলছে, সিটি কর্পোরেশন কাজ করছে না। এমন পরিস্থিতিতে নাজেহাল এলাকাবাসী।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সূত্রে জানা যায়, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ ওয়াসা রোড পর্যন্ত সড়ক ও ফুটপাতের উন্নয়নকাজ চলছে। গত জানুয়ারি মাসে শুরু হওয়া এ কাজের শেষ সময় ধরা হয়েছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। এরই মধ্যে সড়কের বিভিন্ন অংশে অপরিকল্পিতভাবে খুঁড়ে মাটি তুলে রাখা হয়েছে। সেই সঙ্গে দেখা যায় বেশ কয়েকটি স্থানে রয়েছে নির্মাণ সামগ্রী। এসব কারণে যানবাহন চলাচলে সড়কটি যথাযথভাবে ব্যবহার করা যাচ্ছে না। তবে ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এ বিষয়ে ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী (জোন-৩) খোন্দকার মাহবুব আলম জানান, এ সড়কটির জন্য মানুষের কষ্ট হচ্ছে তা অস্বীকার করব না। ওয়াসাকে সময় বেঁধে দিয়ে রাস্তা কাটার কাজ শেষ করতে বলা হয়েছে। কিন্তু তারা নিজেদের ইচ্ছামতো কাজ করে যাচ্ছে। তাদের কাজের জন্য রাস্তা মেরামতের কাজটিতে বিঘ্ন ঘটছে। এরপরও আমরা চেষ্টা করছি দ্রুত রাস্তাটি মেরামত করে মানুষের দুর্ভোগ লাগব করার।
২০১৭/মাহি























































