
পূর্বাশা ডেস্ক:
একাত্তরের ৭ মার্চের ভাষণ বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামের এক অনন্য দলিল। এ ভাষণের বক্তব্য, বলার ভঙ্গি, জনগণের অংশগ্রহণ এবং যে পরিস্থিতিতে ভাষণটি প্রদান করা হয়েছিল, তা শুধু বাঙালি জাতি নয়, বিশ্বের নিপীড়িত মানুষের লড়াইয়ের ক্ষেত্রেই প্রাসঙ্গিক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়ে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (ইউনেস্কো) যেন এ সত্যতাই প্রতিপাদন করল। সংস্থাটির মহাপরিচালক ইরিনা বোকোভার বরাতে প্রকাশ, প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে সোমবার এ স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ইউনেস্কোর সদর দফতর বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ অন্তর্ভুক্ত করেছে। উল্লেখ্য, প্রামাণ্য ঐতিহ্যের তালিকা বিশ্ব প্রেক্ষাপটে গুরুত্ববহ। এখন এ ভাষণ সম্পর্কে বিশ্ববাসী সহজে জানতে পারবে, একই সঙ্গে জানতে পারবে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার ত্যাগ-তিতিক্ষার কথা, যা সব নিপীড়িত জাতির মুক্তি সংগ্রামকে অনুপ্রেরণা জোগাবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ধারাবাহিকতায় এক অনন্য স্মারক। এক অর্থে বলা যায়, এ ভাষণের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রের ভবিষ্যৎ রূপকল্প এবং স্বাধীনতা ঘোষিত হয়েছিল। ১৯৭১ সালের সে ঐতিহাসিক দিনে লাখো জনতার উপস্থিতিতে বঙ্গবন্ধু ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) জাতির এক বিশেষ সন্ধিক্ষণে এ ভাষণ দেন, একই সঙ্গে স্বাধিকার সংগ্রামের প্রতি জনগণের সম্মতি নেন। তিনি দীপ্তকণ্ঠে উচ্চারণ করেন- এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেদিন এ তেজোদীপ্ত ঘোষণায় উদ্দীপ্ত হয়ে লাঞ্ছিত-বঞ্চিত জাতি আড়মোড়া ভেঙে মুক্তির সংগ্রামে শামিল হয়েছিল। সমগ্র বাঙালি জাতি সক্রিয়ভাবে মুক্তি সংগ্রামের জন্য প্রস্তুত হয়। বলাই বাহুল্য, একাত্তরের মুক্তি সংগ্রামে এটি ছিল মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণার এক সীমাহীন উৎস। আজও এ ভাষণের মর্মবাণী এ দেশের মানুষের হৃদয়-মনকে আন্দোলিত করে।
ইউনেস্কো কর্তৃক ৭ মার্চের ভাষণের স্বীকৃতি বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের জন্য গৌরবোজ্জ্বল অর্জন। এর আগেও বাংলাদেশের মুক্তি সংগ্রামের এক অধ্যায় ভাষা আন্দোলন আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে এবং ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষিত হয়। বাঙালি যে শুধু বীরের জাতি নয়, মানবাধিকার ও মুক্তি সংগ্রামের লড়াকু যোদ্ধা- এসব স্বীকৃতির মাধ্যমে তা প্রতিফলিত হয়েছে।
নভেম্বর ২, ২০১৭/ Choity.

























































