শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘আ. লীগের রাজনীতি পরবর্তী জেনারেশনের জন্য’


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিএনপির রাজনীতি পরের নির্বাচনের জন্য  কিন্তু আওয়ামী লীগ পরবর্তী জেনারেশনের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের প্রচার ও প্রকাশনা উপকমিটির আয়োজিত ‘নির্বাচন কমিশনে আওয়ামী লীগের ১১ দফা জনগণের প্রস্তাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক। নির্বাচনের মাধ্যমে তারা যে জনপ্রিয়তা যাচাই করতে চাচ্ছেন, তা যাচাই করুক।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই, অন্য কিছু চাই না। নির্বাচন কমিশনের কোনো দলের পক্ষ নেওয়ার দরকার নেই। আমরা চাই, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করুক। কোনো দলের পক্ষে বক্তব্য দিয়ে প্রশ্নের সম্মুখীন হোক, তা আমরা চাই না। কিন্তু বিএনপি এমন একটা নির্বাচন কমিশন চায় যেন, বিএনপি যেনতেনভাবে ক্ষমতায় আসতে পারে।’

কক্সবাজার সফরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে আওয়ামী লীগ নেতা বলেন, ‘এটা যে একটা সাজানো নাটক, তা এখন স্পষ্ট হয়ে গেছে। তারা চেয়েছিলেন যেন একটা নিউজ হয়। সাংবাদিকদের ওপর হামলা করলে নিউজটা বড় পরিসরে হয়। পরিকল্পিতভাবে দুটি গাড়ি রঙ সাইটে রাখা হয়েছিল এবং সে গাড়িগুলোই জ্বালানো হয়। এটা ছিল মূলত ফেনীর সাজানো ঘটনা এবং সংঘাতের উসকানি।’

বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কাদের বলেন, ‘সমঝোতার দরজা তো আপনারা সেইদিনই বন্ধ করে দিয়েছেন, যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় তাঁর মৃত ছেলেকে দেখতে গিয়েছিলেন। সেদিন তিনি দরজা বন্ধ করে ঘরের ভেতর ছিলেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমরা যে প্রস্তাব নির্বাচন কমিশনকে দিয়েছি, তা জনস্বার্থে। আর বিএনপি যা দিয়েছে ক্ষমতায় যাওয়ার স্বার্থে।’

সেমিনারে আরও বক্তব্য দেন অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, মেজর (অব.) জেনারেল আবদুর রশীদ, অবসরপ্রাপ্ত বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল।

দলের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজুল কবীর কাওছার, উপকমিটির সদস্য কাশেম হুমায়ুন, সুভাষ সিংহ রায়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, সাংবাদিক ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

পূর্বাশানিউজ/০২ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি