
পূর্বাশা ডেস্ক:
দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়া ও দীর্ঘদিন মাঠের রাজনীতির বাইরে থাকা বিএনপি আবারও রাজপথ চাঙ্গা করতে দীর্ঘ প্রায় দুই বছর পর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আজ (রোববার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি। জানা গেছে, আগামী নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়া এই দলটি। দেশের রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ করেই কেমন যেন হয় উঠেছে। কেউ বলছেন এটা রাজনীতির জন্য অশনি সঙ্কেত। আবার অনেকে বলাবলি করছেন, এটি এক ধরনের টার্নিং পয়েন্ট, অর্থাৎ ঘুরে দাঁড়ানোর সময়। মূলত বেগম জিয়ার স্বদেশ প্রতাবর্তনের পরই রাজনৈতিক অঙ্গনে নতুন বাতাস বইতে শুরু করে।
এই সমাবেশকে স্মরণকালের সেরা সমাবেশে রূপদানের জন্য প্রস্তুতিও গ্রহণ করেছে বিএনপিসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রাজধানীসহ ঢাকার আশপাশের জেলাগুলো থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এদিন সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়ে সমাবেশকে জনসমুদ্রে পরিণত করার পরিকল্পনা নিয়েছেন। ইতোমধ্যে ঢাকার বাইরের কয়েক হাজার মানুষ রাজধানীতে এসে উপস্থিতও হয়েছেন। গতকাল রাত থেকেই সমাবেশ স্থলে উপস্থিত ছিলেন কয়েক হাজার নেতাকর্মী। সেখানে তারা সমাবেশের জন্য স্টেজ নির্মানসহ অন্যান্য প্রস্তুতি কাজে অংশগ্রহণ করেন এবং নিরাপত্তার জন্য নিজেদের উদ্যোগেই কাজ করেন। তাদের উপস্থিতি দেখে কেউ কেউ মন্তব্য করে ফেলেন, মূল সমাবেশের আগে রাতেই এতো মানুষের উপস্থিতিতে ছোট-খাটো সমাবেশও হয়ে গেছে। আজও সকাল থেকে আরও কয়েক লাখ মানুষের গন্তব্য থাকবে সোহরাওয়ার্দী উদ্যান। হাতে হাতে প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়ে তারা সরকারের চলমান জুলুম-নির্যাতন, গুম-খুনসহ অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন। কেবল বিএনপি নেতাকর্মীই নয়, সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে এর মাধ্যমে বিএনপির জনপ্রিয়তা সম্পর্কে সরকারকে বার্তাও দিতে চায় দলটি।
গত ১৮ অক্টোবর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফেরার দিনে বিমানবন্দর এলাকায় লাখ লাখ মানুষের উপস্থিতি দেখে চাঙ্গা হয়ে ওঠে দলের নেতাকর্মীরা। এর পরই বেগম খালেদা জিয়া কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করতে যাওয়ার সময় ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত মহাসড়কের দুইপাশেই লাখ লাখ মানুষের উপস্থিতি রাজনীতিতে নতুন বার্তা দেয়। তবে দীর্ঘদিন ধরে রাজধানীতে বড় ধরণের সভা-সমাবেশ করতে না পারায় কিছুটা অতৃপ্তিতে ভুগছিলেন নেতাকর্মীরা। কিন্তু ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সেই সমাবেশের ঘোষণা আসার পর থেকেই উজ্জীবিত ও চাঙ্গা নেতাকর্মীরা এবার ঢাকাকে জনসমুদ্রে পরিণত করার প্রস্তুতি গ্রহণ করেছেন। বিএনপি সূত্রে জানা যায়, উপস্থিতির দিক দিয়ে আজকে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশকে স্মরণকালের সেরা সমাবেশে পরিণত করতে চান তারা। এজন্য সমাবেশের ঘোষণা দেওয়ার পর থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা কয়েক দফা প্রস্তুতি সভা করেছে।
দীর্ঘদিন মনমরা ও হতাশ থাকা বিএনপি নেতা-কর্মীদেরকে এ মুহূর্তে বেশ উজ্জীবিত বলে দেখা যাচ্ছে। মানুষ হুমড়ি খেয়ে রাস্তায় নামার লক্ষণ দেখে তারা বেশ আশাবাদী। এমন আশাবাদী যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে যেতেও এখন তাদের ভয় নেই, যদিও তা তারা করবে না। এখন পর্যন্ত শেখ হাসিনার অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তেই তারা অটল আছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে। তবে যে কোনও ধরনের নির্বাচনে এখন তাদের বিজয় আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বিএনপির নীতিনির্ধারকরা মনে করছেন, আন্তর্জাতিক পরিবেশও তাদের বেশ অনুকূলে। তাই সরকারি দল আওয়ামী লীগও তাদেরকে এখন সমীহ করতে বাধ্য হচ্ছে। বস্তুত এবার বিদেশ থেকে ফিরেই খালেদা জিয়া একের পর এক চমক দেখাচ্ছেন।
২০ দলের একটি সূত্র জানায়, তারা সরকারের কোন ফাঁদে পা দেবে না। তারা মনে করছেন, আন্দোলনের মাধ্যমেই সরকার গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংলাপের উদ্যোগ নিতে বাধ্য হবে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট চলমান আন্দোলন সফলতার দিকে যাচ্ছে বলে মনে করছে। তাদের মতে বিএনপির শীর্ষ নেতাকে ‘বিচ্ছিন্ন’, সিনিয়র নেতাদের কারাবন্দী, হামলা-মামলা, গুম, খুন, ক্রসফায়ার, ট্রাক-বাসের চাপায় মেরে ফেলার হুমকির মধ্যেও আন্দোলন ৪৫ দিন পেরিয়ে গেছে। সারাদেশ থেকে এখন ঢাকা বিচ্ছিন্ন। এতদিন রাজপথে টিকে থাকাটাই প্রথম সফলতা বলে মনে করছে জোটের নেতারা।
আওয়ামী লীগ ও বিএনপি উভয়ই দেশের প্রতিষ্ঠিত এবং শক্তিধর রাজনৈতিক দল। জনপ্রিয়তা, সাংগঠনিক ক্ষমতা এবং রাজনৈতিক কৌশলে কে কতটা বড় তা এখনো নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। কারণ স্বাধীনতার পর ৪৬ বছরের মধ্যে আওয়ামী লীগ চার মেয়াদে মোট সাড়ে ১৭ বছর দেশ শাসন করেছে। বর্তমান মেয়াদ পূর্ণ হলে দেশ শাসনে তাদের অভিজ্ঞতা হবে সাড়ে ১৮ বছর। অন্য দিকে বিএনপি দেশ শাসন করেছে পাঁচ মেয়াদে মোট সাড়ে ১৬ বছর। ভোটের হিসাবে দুই দলের সমর্থকদের সংখ্যাও প্রায় সমান। কেবল বিজয়ী হওয়ার ক্ষেত্রে কৌশলগত কারণ এবং সংসদীয় আসনের হিসাবে একটি দল বিজয়ী ঘোষিত হলেও পরাজিত দলের প্রাপ্ত ভোটের মোট সংখ্যার সাথে বিজয়ী দলের প্রাপ্ত ভোটের ব্যবধান খুব বেশি হেরফের হয় না। কিন্তু এরপরও দেশবাসীকে একটি সাধারণ ফ্যালাসি সবসময় মেনে নিতে হয় এবং সেটি হলো- ক্ষমতায় যাওয়া দলটি মনে করে, তাদের প্রতিপক্ষ নেহায়েত দুর্বল, অসহায় এবং তাদের করুণাপ্রার্থী।
ঢাকায় খালেদা জিয়ার সর্বশেষ জনসভা হয়েছিলেন ২০১৬ সালের ৫ জানুয়ারি নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে। আর সোহরাওয়ার্দীতে খালেদার সর্বশেষ সমাবেশ হয় ২০১৪ সালের ২০ জানুয়ারি। তার মাত্র ১৫ দিন আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ।
১২ নভেম্বর, ২০১৭/ রুমকী

























































