
ডেস্ক রিপোর্ট :
জিম্বাবুয়েতে মুগাবে শাসনের অবসানের পর আগামীকাল শুক্রবার (২৪ নভেম্বর) দেশটির ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন নতুন প্রেসিডেন্ট এমারসন মানানগাগওয়া। তিনি ২০১৮ সালের সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনে আগ পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন।
দেশটির সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বাংলা খবরের বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় আত্মগোপনে থাকা এই নেতা বুধবার দেশে ফিরে রাজধানী হরারাতে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এ সময় তিনি উল্লাসিত লাখ লাখ জনতাকে নতুন গণতন্ত্রের স্বপ্নের কথা বলেন। তিনি দেশে নতুন গণতন্ত্রের বিকাশ এবং কর্মসংস্থানের আশ্বাস দেন। তিনি সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
ভাষণে তিনি বলেন, ‘আমি আপনাদের সেবক হবার অঙ্গীকার করছি। আমি সকল দেশপ্রেমিক জিম্বাবুয়েদের একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা সবাই একসাথে কাজ করব। এখানে কেউ কারো চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নন। আমাদের পরিচয়, আমরা জিম্বাবুয়ের নাগরিক। আমরা আমাদের অর্থনীতিকে চাঙ্গা করতে চাই, দেশের শান্তি ফিরিয়ে আনতে চাই, আমরা চাই কাজ, কাজ এবং কাজ।’
সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন মানানগাগওয়ার বেকারত্বের এই ঘোষণায় জানু পি এফ পার্টির সদর দপ্তরের সামনে উল্লাসে ফেটে পড়ে জনতা। ধারণা করা হয় দেশটিতে ৯০ শতাংশ মানুষ কর্মহীন।
মানানগাগওয়া তার ভাষণে গণতন্ত্র পুনরুদ্ধারে তার পার্শ্ববর্তী দেশ এবং আফ্রিকান কমিউনিটি বহির্বিশ্বের সহায়তা প্রত্যাশা করেন।
























































