শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মা-বাবার আনুগত্য


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা বনি ইসরাইল, আয়াত নং ২৩ ও ২৪-এ নির্দেশ দিচ্ছেন, ‘তোমার পালনকর্তা আদেশ করেছেন, তাঁকে ছাড়া অন্য কারও ইবাদত করো না এবং মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদের ‘উহ্’ শব্দটিও বলো না এবং তাদের ধমক দিয়ে কথা বলো না এবং আদবের সঙ্গে বিনম্রভাবে কথা বলো, বিনীতভাবে দয়ার্দ্রভাবে তাদের সঙ্গে আচরণ করো এবং বল, হে প্রভু! তাদের উভয়ের প্রতি করুণা বর্ষণ করো যেমন তারা শৈশবকালে করুণার সঙ্গে আমাকে লালন-পালন করেছেন।’

তাফসির শাস্ত্রের ইমাম আল্লামা কুরতুবি (রহ.) বলেন, ‘এ আয়াতে আল্লাহ তায়ালা মা-বাবার আদব, সম্মান এবং তাদের সঙ্গে সদ্ব্যবহার করাকে নিজের ইবাদতের সঙ্গে একত্রিত করে ফরজ করে দিয়েছেন।’ একইভাবে সূরা লোকমানেও নিজের শোকরের সঙ্গে মা-বাবার শোকর করাকেও অপরিহার্য করে দিয়েছেন।

মা-বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে, তাদের অবাধ্য হলে তার শাস্তি পরকালেও ভোগ করতে হবে এবং মৃত্যু-পূর্বে দুনিয়ায়ও ভোগ করতে হয়। (বায়হাকি : শোয়াবুল ঈমান অধ্যায়)।

এ সম্পর্কে নিম্নে কয়েকটি হাদিস উল্লেখ করা হলো

হাদিস-১ : হজরত আবু দারদা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, তার কাছে একজন লোক এসে বলল, আমার একজন স্ত্রী আছে। আমার মা নির্দেশ দিচ্ছেন তাকে তালাক দিয়ে দিতে। আরেকটি বর্ণনায় এসেছে আমার বাবা বলছেন, স্ত্রীকে তালাক দিয়ে দিতে। তখন হজরত আব্ ুদারদা (রা.) নিজের পক্ষ থেকে তার জবাব না দিয়ে বললেন, আমি নবীজি (সা.) কে বলতে শুনেছি, ‘মা বা বাবা হচ্ছেন বেহেশতের সর্বোত্তম দরজা।’ সুতরাং তুমি যদি চাও, তা ভেঙেও ফেলতে পার অথবা রক্ষাও করতে পার। অর্থাৎ তাদের আদেশ মান্য করে স্ত্রীকে তালাক দিয়ে বেহেশতের পথ খোলা রাখতে পার। আর না হয় তাদের আদেশ অমান্য করে তোমার বেহেশতের পথ রুদ্ধ করে ফেলতে পার। (মূল আরবি তিরমিজি : খ-২, পৃ. নং ১২, কুতুবখানা রশিদিয়া, দেওবন্দ, ভারত)

হাদিস-২ : হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী (সা.) এরশাদ করেছেন, ‘বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি নিহিত এবং বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি নিহিত।’ (প্রাগুক্ত)।

হাদিস-৩ : হজরত আবদুর রহমান ইবনে আবু বাকরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয়নবী (সা.) বললেন, ‘আমি কি তোমাদের সবচেয়ে বড় কবিরা গোনাহ সম্পর্কে বলব?’ সাহাবারা বললেন, হ্যাঁ, অবশ্যই। নবীজি (সা.) বললেন, ‘আল্লাহর সঙ্গে শেরেক করা, মা-বাবার অবাধ্য হওয়া ।’ (প্রাগুক্ত)।

হাদিস-৪ : হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী (সা.) এরশাদ করেছেন, ‘অন্যতম কবিরা গোনাহ হচ্ছে, কোনো ব্যক্তির তার মা-বাবাকে গালিদান।’ সাহাবারা আরজ করলেন, ইয়া রাসুলাল্লাহ (সা.)! কেউ কি তার মা-বাবাকে গালি দেয়? নবীজি (সা.) বললেন, ‘হ্যাঁ, সেটা এভাবেও হয় যে, তুমি আরেকজনের মা-বাবাবে গালি দিলে এবং সে তোমার মা-বাবাকে গালি দিল।’ (প্রাগুক্ত)।

হাদিস-৫ : হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয়নবী (সা.) এরশাদ করেছেন, ‘তিনটি দোয়া-মোনাজাত এমন রয়েছে, যা নিঃসন্দেহে কবুল হয়Ñ ১. নিপীড়িতের দোয়া, ২. মুসাফিরের দোয়া, ৩. সন্তানের ক্ষেত্রে বাবার বদদোয়া বা অভিশাপ।’ (প্রাগুক্ত)। সুতরাং আমাদের কোনোভাবেই মা-বাবার অবাধ্য হওয়া চলবে না।

পূর্বাশানিউজ/২৪ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি