
৫ জানুয়ারি সমাবেশের অনুমতি দেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আবারও আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, সমাবেশের উপলক্ষে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সংগঠনগুলো ঢাকা মহানগরীর জনগণকে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য প্রচার চালাচ্ছে। সভা-সমাবেশ করা রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার। আমি অবিলম্বে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে অনুমতি দেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আবারো আহবান জানচ্ছি। দলমত নির্বিশেষে বিএনপির ডাকা আগামীকালের ঢাকার সমাবেশ এবং সারাদেশে জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে কালো পতাকা মিছিল সফল করতে হবে করতে সকলের প্রতি আহ্বান জানান রিজভী।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
রুহুল কবির রিজভী বলেন, সরকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে আগামীকালের সমাবেশের অনুমতি না দিয়ে ওই স্থানে একটি নাম না জানা সংগঠনকে অনুষ্ঠান করার অনুমতি দিয়ে যে নাটক করেছে সেই নাটকটি আসলে গণতন্ত্রের সাথে, জনগণের সাথে মশকরা। তবু আমরা এখনও আশা করবো সরকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেবে।
এক প্রশ্নের জবাবে বিএনপির এই মুখপাত্র বলেন, আমরা এখনও সমাবেশের অনুমতি পাইনি। তবে সমাবেশের প্রস্তুতি চলছে। আগামীকাল দুপুর ২ টা থেকে সমাবেশ শুরু হবে বলেও জানান তিনি।
৫ জানুয়ারি সমাবেশের অনুমতি না পেলে অন্য কোন দিন করবেন কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা আলোচনা করে আমরা পরবর্তিতে জানাবো।
৫ জানুয়ারীর গণতন্ত্র হত্যা দিবসের কর্মসুচিও বিএনপি শান্তিপূর্ণভাবে পালন করতে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী নেতাদের বক্তব্যে মনে হচ্ছে-তারাই পরিকল্পিতভাবে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে একটা অশান্তির পরিবেশ তৈরী করতে চাচ্ছেন। তারা রাজনীতিকে সংঘাতের দিকে নিয়ে যেতে চাচ্ছেন।
সমাবেশের অনুমতি দেয়া সরকারের বিষয় নয়, এটি আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের এ বক্তব্যে উল্লেখ করে রিজভী বলেন, জনগণ জানে, আপনাদের হুকুম ছাড়া আইন শৃঙ্খলা বাহিনী এক পা ফেলতে পারে না। দিনরাত চব্বিশ ঘন্টার যেকোন সময় যেকোন স্থানে ক্ষমতাসীনদের সভা সমাবেশ করতে তো আইন শৃঙ্খলা বাহিনীর কোন অনুমতি লাগে না। তাহলে আপনার কথায় এটি পরিস্কার যে, সরকারবিরোধী দলগুলোকে নির্মমতার দ্বারা অবরুদ্ধ করে রাখতেই আপনাদের হুকুমে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেন।
শেখ হাসিনার অধীনে নয়, আসন্ন নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনেই- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এ বক্তব্যে সমালোচনা করে তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেবকে পরিস্কার বলতে চাই আপনার নেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে এবং সংসদ বহাল থাকলে সেই নির্বাচন কখনোই সুষ্ঠ নির্বাচন হবে না। সেটি হবে নির্বাচনের নামে ভোটকেন্দ্রে ভোটারবিহীন নির্বাচন, যা শুধুমাত্র আপনাদের নিজেদের পছন্দসই ব্যক্তিদের নাম বিজয়ী হিসেবে ঘোষনা করা।

























































