
ডেস্ক রিপোর্ট:
উত্তর কোরিয়া সঙ্কট সমাধানে কানাডার ভ্যানক্যুবারে অনুষ্ঠিতব্য ২০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অনুপস্থিত থাকবে চীন। তবে এতে যোগ না দিলেও উত্তর কোরিয়ার ওপর কোন প্রক্রিয়ায় চাপ প্রয়োগ হয় তা পর্যবেক্ষণ করবে চীন।
প্রসঙ্গত, কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যের বন্দরশহর ভ্যানক্যুবারের এ সম্মেলনের মূল উদ্দেশ্য হল, কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে চাপ প্রয়োগ করে কীভাবে উত্তর কোরিয়াকে পরমাণবিক নিরস্ত্রীকরণ করা যায় তাই নিয়ে আলোচনা করা। এবিষয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের বক্তব্য হল, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষেধাজ্ঞা বিস্তৃত করার উপায়গুলি বিবেচনা করা উচিত। তবে, এ সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের মূল প্রভাবক বলে যাকে মনে করা হয়, সেই চীনই সম্মেলনে অনুপস্থিত থাকবে বলে জানিয়েছে।
মার্কিন নীতি পরিকল্পনাকারী বিভাগের পরিচালক ব্রায়ান হুক এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন লক্ষ্য রাখবেন কীভাবে উত্তর কোরিয়ার চারপাশে সামুদ্রিক নিরাপত্তা বাড়ানো যায়। যার মাধ্যমে নিষেধাজ্ঞা না মানা জাহাজগুলো প্রতিরোধ এবং গোপন অর্থায়ন বন্ধ করা যায়।
এই পরিস্থিতিতে, কানাডা সম্মেলনের আরেকটি বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করা হচ্ছে, চীনের অনুপস্থিতিকে। কেননা, বেইজিং এইমুহূর্তে পিয়ংইয়ংয়ের একমাত্র মিত্র ও বাণিজ্যিক অংশীদার। মার্কিন এক জ্যেষ্ঠ কূটনীতিকের মতে, চীনকে ছাড়া এই সম্মেলন কখনই ফলপ্রসূ হবে না।
























































