শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যুদ্ধ বিধ্বস্ত দক্ষিণ সুদানের ২ লাখ ৫০ হাজার শিশু মৃত্যু ঝুঁকিতে


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০১.২০১৮

ডেস্ক রিপোর্ট :
যুদ্ধ বিধ্বস্ত দক্ষিণ সুদানে প্রায় ২ লাখ ৫০ হাজার শিশু মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। অপুষ্টিতে ভোগার কারণে ২০১৮ সালের জুলাইয়ের মধ্যে এসব শিশুর মৃত্যু ঘটতে পারে বলে এমন সতর্কতা জারি করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা এইচ ফোর যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানের বেশ কিছু এলাকায় দু’দিন ধরে পরিদর্শনের পর শুক্রবার এ ধরনের সতর্কতা জানান।

তিনি আরো বলেন, ২০১৩ সাল থেকে সেখানে গৃহযুদ্ধ চলছে। ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বহু মানুষ। চাষাবাদ ব্যাহত হওয়ার কারণে দেশটির বাজারে খাদ্যের ঘাটতি দেখা দিয়েছে। সে কারণে খাদ্য নিরাপত্তা জোরদার করার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তিনি।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, দক্ষিণ সুদানে ২০১৩ সাল থেকে গৃহযুদ্ধ শুরু হয়। গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ২৪ লাখেরও বেশি শিশু বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং ২ হাজার ৩’শ শিশুকে হত্যা করা হয়েছে। অপরদিকে ১ হাজার ৯’শ শিশু সন্ত্রাস এবং সশস্ত্র দলগুলোতে যোগ দিয়েছে।

এছাড়া সেখানকার ৭০ শতাংশ শিশু স্কুলে যায় না। ফলে পরের প্রজন্ম মেধাশূন্য হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

পূর্বাশানিউজ/২০জানুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি