
পূর্বাশা ডেস্ক:
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ (২৭ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান বলেন, ‘শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। স্থায়ী কমিটির সদস্যদের যথসময়ে উপস্থিত থাকার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।’
তবে বিএনপির পক্ষ থেকে বৈঠকের আলোচ্য সূচির ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ শেষ হয়েছে।
আগামী ৮ ফেব্রুয়ারি রায়ের দিন ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) খালেদা জিয়ার উপস্থিতিতে রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের জজ ড. আখতারুজ্জামান এই দিনটি ধার্য করেন।
এই মামলায় খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়া অন্য আসামীরা হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

























































