
ডেস্ক রিপোর্ট :
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা আপিল গ্রহণের বিষয়ে শুনানি হবে অাজ বৃহস্পতিবার।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আপিল আবেদনটি উপস্থাপন করা হলে আদালত বৃহস্পতিবার এই শুনানির দিন ধার্য করেন।
আদালতে খালেদার পক্ষে কথা বলেন আইনজীবী জয়নুল আবেদিন।
এর আগে মঙ্গলবার দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
এর আগের দিন সোমবার বিকেলে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের সার্টিফায়েড কপি বা সত্যায়িত অনুলিপি পান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আইনজীবীরা।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেন। সেই সাথে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ অপর পাঁচ আসামীর প্রত্যেককে ১০ বছরের জেল ও জরিমানা করা হয়।
ওইদিন আদালত ৬৩২ পৃষ্ঠার রায় উল্লেখ করে এর সারসংক্ষেপ পড়েন। তবে সোমবার পর্যবেক্ষণসহ রায়ের যে অনুলিপি দেওয়া হয় তা ছিল ১ হাজার ১৭৪ পৃষ্ঠার। বিচারিক আদালতের রায়ের পর খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। এখন তিনি সেখানেই আছেন।

























































