
পূর্বাশা ডেস্ক:
২০০৪ সালে ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরের সময় সাবেক পাক প্রেসিডেন্ট গভীর রাতে পারভেজ মোশারফ ফোন করেছিলেন সৌরভ গাঙ্গুলিকে। সেই ঘটনা নিজের আত্মজীবনীতে লিখেছেন সাবেক ভারত অধিনায়ক।
নিজের বই ‘আ সেঞ্চুরি ইজ নট এনাফ’- এ কলকাতা মহারাজ লিখেছেন,‘মাঝরাতে হঠাৎ দেখি আমার বন্ধুরা মিলে প্ল্যান করছে পাকিস্তানের গলমান্ডির বিখ্যাত ফুড স্ট্রিটে কাবাব ও তন্দুরি চিকেন খেতে যাবে। আমি লোভ সামলাতে না পেরে সিকিউরিটি অফিসারকে না জানিয়ে টিম হোটেলের বাইরে বেরিয়ে পড়ি। শুধুমাত্র টিম ম্যানেজারকে বলে গিয়েছিলাম। কারণ, আমি নিশ্চিত ছিলাম, সিকিউরিটি অফিসারকে বললে আমাকে যেতে দিত না ।’
‘নিয়ম ভাঙছি জেনেই মুখ ঢেকে, টুপি পরে আমি হোটেলের পিছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাই। কিন্তু ভয় ছিল যদি কেউ চিনে ফেলে। আর হলও তাই। একজন জিজ্ঞাসা করেছিলেন, আরে, আপনি সৌরভ না? আমি চাপাস্বরে কথা না বলে পাশ কাটিয়ে চলে যাই।’
‘কিন্তু ফুড স্ট্রিটের ডিনার টেবিলে আমাকে চিনে ফেলেন এক ভারতীয় সাংবাদিক। তিনি জোরে নাম ধরে ডাকতেই শোরগোল পড়ে যায়। চারিদিক থেকে লোক জড়ো হয়ে আমাকে ঘিরে ধরে। বিল মিটিয়ে পালানোর চেষ্টা করতে গেলে হোটেলের ম্যানেজার বিল নিতে অস্বীকার করেন। আমার মনে আছে, তিনি বলেছিলেন, আপনার মত আগ্রাসী মানসিকতার একজনকে চাই যে পাকিস্তান দলের নেতৃত্ব দেবে।’
সৌরভ লিখেন, ‘ফুড স্ট্রিট থেকে মাঝরাতে গাড়িতে হোটেলে ফেরার পথে আরও বিপত্তি। আমাদের গাড়ির পিছনে সারি সারি বাইক আর তাদের চিৎকার। শেষ পর্যন্ত নিরাপদে টিম হোটেলে ফিরে আসি। কিন্তু খবরটা পৌঁছে গিয়েছিল প্রেসিডেন্ট মুশারফের কাছে। তাই তিনি ফোন করে বলেছিলেন, পরের বার কোথাও টিম হোটেল থেকে বেরোলে নিরাপত্তারক্ষীদের জানিয়েই যেন যাওয়া হয়। পাকিস্তানে মাঝরাতে অ্যাডভেঞ্চার যেন না করি ।’
























































