বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেই না


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, আমরা চাই দেশ এগিয়ে যাক, উন্নত হোক। আমরা চাই না দেশকে নিয়ে আর কেউ ছিনিমিনি খেলুক। কেউ দুর্নীতি করলে তাকে শাস্তি পেতেই হবে। অপরাধী যেই হোক, শাস্তি তাকে পেতেই হবে। অপরাধে যুক্ত কাউকেই ছাড় দেয়া হবে না। সন্ত্রাস-জঙ্গিবাদ ও দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না।
দুর্নীতিকে
আমরা প্রশ্রয় দেই না, দেবো না।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে সামনে রেখে বিএনপির গঠনতন্ত্র সংশোধনের কঠোর সমালোচনা করে সংসদ নেতা বলেন, বিএনপি নেত্রী কারাগারে যাবেন এটি আগেই টের পেয়ে গেছে কি না জানি না। রায় হওয়ার আগেই রাতারাতি বিএনপি তাদের দলীয় গঠনতন্ত্রের ৭ ধারা পরিবর্তন করে নিয়েছে। এই ধারায় দুর্নীতিগ্রস্ত কিংবা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি নেতা হতে পারতো না। রাতারাতি গঠনতন্ত্র সংশোধন করে বিএনপি দুর্নীতিকেই মেনে নিল, দুর্নীতিগ্রস্তকে নেতা হিসেবে মেনে নিল। যে দল দুর্নীতিকে নীতি হিসেবে গ্রহণ করে, অর্থাৎ দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্তকে নেতা হিসেবে মেনে নেয়, সেই দল দেশকে কী দিতে পারে? স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের সমাপনী ভাষণে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ছাড়াও বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ সমাপনী ভাষণে অংশ নেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার প্রেসিডেন্টের অধিবেশন সমাপ্তির আদেশটি পাঠ করে শীতকালীন অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।
নিজেদের দোষকেও ঢাকার চেষ্টা করি না:
সমাপনী ভাষণের অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের রায় প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আদালত রায় দিয়েছে, এখানে সরকারের তো কোনো হাত নেই। জজ সাহেব রায় দিলেন কেন সেজন্য অনেক বিএনপি নেতা হুমকিও দেন। তবে কী অপরাধীদের অভয়ারণ্য হবে বাংলাদেশ? এটা তো আমরা হতে দিতে পারি না। যেই হোক, অপরাধের সঙ্গে যুক্ত হলে কাউকে ছাড় দেবো না। জনগণের ভোটের অধিকার জনগণ ভোগ করবে। দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেই না। নিজেদের লোককেই কোনো ছাড় দেই না। এমনকি আমাদের মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে যেকোনো সময় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। আদালত থেকেও ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করছে। আমরা আইন মানি, কখনো নিজেদের দোষকেও ঢাকার চেষ্টা করি না। তিনি বলেন, ওয়ান-ইলেভেনের সময় তত্ত্বাবধায়ক সরকার বিএনপি নেত্রীর বিরুদ্ধে যে মামলা (জিয়া অরফানেজ) দিয়েছে, সেই একই ধরনের মামলা আমার বিরুদ্ধেও ওই সময় দেয়ার চেষ্টা করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সব কাগজপত্র পরীক্ষা করেছে, এতটুকু ফাঁক পাওয়া যায় কি না। শত চেষ্টা করেও ট্রাস্টের এতটুকু অনিয়ম তারা পায়নি। তিনি বলেন, বঙ্গবন্ধু ট্রাস্ট থেকে প্রতিমাসে ১৬০০ থেকে ১৭০০ শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা দেয়া হয়। কিন্তু কোনো অনিয়ম না পেলেও ওই সময় ট্রাস্টের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়। এতে করে ওই সময় অনেক শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে গেছে, টাকার অভাবে গ্রেনেড হামলায় আহত অনেকেই পঙ্গু হয়ে গেছে। প্রধানমন্ত্রী বলেন, আমার বিরুদ্ধে বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়েরকৃত কোনো মামলাই প্রত্যাহার করতে দেইনি। স্পষ্ট বলেছি, প্রত্যেকটি মামলার তদন্ত হোক, কোথাও এতটুকু ত্রুটি ধরা পড়লে আমি বিচারের মুখোমুখি হবো। কারণ আমরা রাজনীতি করি নিজের ভাগ্য গড়তে নয়, জনগণের ভাগ্য গড়তে। মানুষের অধিকার প্রতিষ্ঠা ও জীবনযাত্রা উন্নয়নের জন্য রাজনীতি করি।
এতিমের হাতে একটি টাকাও তুলে দেননি: সংসদ নেতা প্রশ্ন রেখে বলেন, এতিমদের জন্য টাকা এসেছিল ২৭ বছর আগে, কিন্তু সেই এতিমদের টাকা কোথায়? তখনকার দিনে ২ কোটি টাকার অনেক মূল্য ছিল। ওই সময় ২ কোটি টাকা দিয়ে ধানমন্ডিতে ৭-৮টি ফ্লাট কেনা যেতো। সেই টাকার লোভ বিএনপি নেত্রী সামলাতে পারেননি। এতিমের হাতে একটি টাকাও তুলে দেননি, পুরো টাকাই মেরে খেয়েছেন। অন্যদিকে আমাদের কিছুই নেই। তবুও আমরা দুই বোন আমাদের পৈতৃক বাড়িটিও জনগণের জন্য দান করে দিয়েছি। অথচ বিএনপি নেত্রী এতিমের ২ কোটি টাকার লোভ সামলাতে পারলেন না। তিনি বলেন, মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার ও দুর্নীতি দমন কমিশন। এখানে আমাদের সরকারের দোষ কোথায়? খালেদা জিয়ার পক্ষ থেকে ১০৯ বার সময় নেয়া হয়েছে, ১০ বছর ধরে চলেছে এই মামলা। এরপর শাস্তি হয়েছে। শুরুতেই এতিমের টাকা দিয়ে দিলে তো এই মামলা চলতো না। কিন্তু লোভ সামলাতে পারেনি বলেই আজ এ অবস্থা। প্রধানমন্ত্রী বলেন, শুধু বিএনপি নেত্রীই নন, তার পুত্র তারেক রহমানের পাচারকৃত অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রে ধরা পড়েছে। সিঙ্গাপুরে তার আরেক পুত্র কোকোর টাকা ধরা পড়ে। বিএনপি নেত্রীর পুত্রদের অর্থ পাচারের তথ্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে। আমরা ধরা পড়া সেসব টাকা দেশে ফেরত এনেছি।
বিএনপি দুর্নীতিকেই গ্রহণ করলো: বিএনপির গঠনতন্ত্র সংশোধন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া কারাগারে যাবে এটা বিএনপি নেতারা আগেই বুঝতে পেরেছেন কি না জানি না। কিন্তু রায়ের আগেই রাতারাতি দলটির গঠনতন্ত্র সংশোধন করা হলো। গঠনতন্ত্র সংশোধন করে বিএনপি দুর্নীতিকেই গ্রহণ করলো, দুর্নীতিবাজকেই গ্রহণ করলো। তিনি বলেন, যে রাজনৈতিক দল দুর্নীতি ও দুর্নীতিবাজকে গ্রহণ করে, সেই দল কীভাবে জনগণের কল্যাণে কাজ করতে পারে? এরা হত্যা-দুর্নীতি-লুন্ঠন-অর্থপাচার এসবই করতে পারে, জনগণের কল্যাণ করতে পারে না। তিনি বলেন, বিএনপি নেত্রী জেলে যাওয়ার পর যাকে দায়িত্ব দেয়া হলো সেও দণ্ডপ্রাপ্ত পলাতক ফেরারি আসামি। বিএনপির নেতৃত্বে কী একজনও ছিল না যে তাকে দায়িত্ব দিতে পারতেন? তিনি বলেন, বিএনপির অধিকাংশ নেতার নামেই দুর্নীতির মামলা রয়েছে। কারোর বিরুদ্ধে দুর্নীতির মামলা, কেউ কেউ সাজাপ্রাপ্ত। বিএনপি নেতা জানেন, যাদের দায়িত্ব দেবেন তাদের প্রত্যেকের বিরুদ্ধেই দুর্নীতির মামলা রয়েছে। বিএনপির সবাই তো দুর্নীতিগ্রস্ত, সবার বিরুদ্ধে মামলা রয়েছে। যদি তা-ই না হয়ে থাকে তাহলে বিএনপি নেত্রী দলে একজনকেও খুঁজে পেলেন না যাকে দায়িত্ব দিয়ে যাবেন। সবকিছু জেনেই বিএনপি নেত্রী দণ্ডপ্রাপ্ত তারেক রহমানের হাতে দায়িত্ব দিয়ে থাকলে কোনো কিছু বলার নেই।
দেশকে চালানো হয় উল্টোপথে: প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর হত্যা-ক্যু-ষড়যন্ত্রে রাজনীতি শুরু হয়। ১৯টি ক্যু হয়েছে, হাজার হাজার সামরিক অফিসার সৈনিককে হত্যা করা হয়েছে। যুদ্ধাপরাধীদের মুক্তি দিয়ে রাজনীতিতে পুনর্বাসন এবং মন্ত্রী-উপদেষ্টা পদে বসানো হয়েছিল। এটাই জাতির দুর্ভাগ্য। লাখো শহীদের রক্তস্নাত জাতীয় পতাকা তুলে দেয়া হলো একাত্তরের গণহত্যাকারী, মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের হাতে। দেশকে চালানো হয় উল্টোপথে। তিনি বলেন, বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তবে স্বাধীনতার ১০ বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতো। তিনি বলেন, যারা হত্যা-ক্যু-ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছিল, তারাই বড় গলায় বলে বেড়ায় তারা নাকি বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল! তাদের বহুদলীয় গণতন্ত্রের নামে প্রতি রাতে কার্ফিউ চলতো। জনগণতন্ত্র নয় তারা কার্ফিউ গণতন্ত্র দিয়েছিল। যুদ্ধাপরাধীদের ভোটের অধিকার ও রাজনীতির অধিকার ফিরিয়ে দেয়াই ছিল তাদের বহুদলীয় গণতন্ত্র। তখন স্বাধীন দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা হয়েছিল। স্বাধীনতা মেনে নিতে পারেনি তারাই এসব ষড়যন্ত্র করেছে। কেন বাঙালি বিজয় অর্জন করলো তারই প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছিল। তিনি বলেন, জেনারেল জিয়া ছিল খুনি মোশতাকের মূল বিশ্বাসভাজন। এ কারণেই বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াকে সেনাপ্রধান করা হয়। অবৈধভাবে ক্ষমতা দখল করে জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনিদের বিচার না করে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেন। তিনি বলেন, এখন একটা হত্যাকাণ্ড হলে বিচারের জন্য অনেক কথা বলা হয়। পিতা-মাতা-ভাইসহ পরিবারের সবাইকে হত্যা করা হলেও আমাদের দুই বোনের বিচার চাওয়ার কোনো অধিকার ছিল না। শুধু জিয়াই নয়, জেনারেল এরশাদও বঙ্গবন্ধুর খুনিকে রাষ্ট্রপতি পদের প্রার্থী করেছিলেন।
আমি তো একটা গল্প বলেছিলাম মাত্র: প্রধানমন্ত্রী বলেন, দেশে আরেকজন জ্ঞানী-গুণী ব্যক্তি আছেন তিনি এখন বড় বড় কথা বলেন। আমি সংসদে একটি গাধার গল্প বলেছিলাম। এতে তিনি নাকি মনঃক্ষুণ্ন হয়েছেন। তিনি বলেছেন, তাদের মতো শিক্ষিত লোকদের গাধা বলা হয়েছে। আমি তো একটা গল্প বলেছিলাম মাত্র। এখন কেউ যদি নিজেকে গাধা বলে মনে করেন সেখানে আমার তো কোনো কিছু করার নেই। প্রধানমন্ত্রী বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর টাকায় ইত্তেফাক গঠন হয়েছিল। এটা আওয়ামী লীগেরও সম্পদ। অথচ সেই ইত্তেফাকের টাকায় বঙ্গবন্ধুর খুনিদের নিয়ে ওই ব্যক্তিটি রাজনৈতিক দল গঠন করেছিল। আজ সেই ব্যক্তির মুখে এখন গণতন্ত্রের ছবক শুনতে হয়, গণতন্ত্রের সংজ্ঞা শুনতে হয়- এটাই দুর্ভাগ্যজনক। তিনি বলেন, এই ব্যক্তিটি আমার কাছে অনেকবার এসেছিলেন উপদেষ্টা হতে, আমি করিনি। এ কারণে তত্ত্বাবধায়ক সরকারের সময় আমার বিরুদ্ধে মামলা দেয়া হলো। মামলা মোকাবিলার জন্য জোর করে বিদেশ থেকে ফিরে আসি। তখন আমাকে ওই ব্যক্তিটি ফোন করে বলেছিল আমার দেশে ফেরার দরকার নেই। আমি বলেছিলাম, কেন আসব না। আমার বিরুদ্ধে মামলা হয়েছে, আমি মামলা মোকাবিলা করবো। তিনি বলেন, তখন আমি বিরোধী দলের নেতা ছিলাম, কিন্তু আমাকে প্রথমেই গ্রেপ্তার করে একের পর এক মিথ্যা মামলা দেয়া হলো। রাজনীতি থেকে বিদায় করতে অনেক ষড়যন্ত্র করা হয়েছিল। নির্বাচন নিয়ে প্রথম প্রহসন সৃষ্টি করার জন্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, এদেশে নির্বাচন নিয়ে খেলা শুরু করেন জেনারেল জিয়াউর রহমান। ‘হ্যা’ ‘না’ ভোটে ‘না’ ব্যালট খুঁজেই পাওয়া যায়নি। রাষ্ট্রপতি পদে শতভাগেরও বেশি ভোট দেখানো হলো। অবৈধভাবে ক্ষমতা দখল করে প্রথমে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে এবং পরে জনগণের ভোট চুরি করার পর জিয়াউর রহমান দল গঠন করেন। অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে তৈরি দল অবৈধই হবে। সেই দলটি কখনো জনগণের কল্যাণে কাজ করতে পারে না। জাতির দুর্ভাগ্য বারবার আমরা সংগ্রাম করে গণতন্ত্র ফিরে আনি, আবার একটা ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্র হারাতে হয়। প্রধানমন্ত্রী বলেন, ১৫ই ফেব্রুয়ারির প্রহসনের একতরফা নির্বাচনে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদ-হুদাকে ভোট চুরি করে জিতিয়ে বিরোধী দলের নেতা বানান জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া। এত বড় অন্যায় আল্লাহর আরশ কেঁপে যায়। মাত্র ৩০ দিনের মাথায় জনগণের আন্দোলনের মুখে খালেদা জিয়ার পতন ঘটে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর সর্ব প্রথম দেশের জনগণ উন্নয়নের মুখ দেখে। আওয়ামী লীগ ছাড়া যারাই অতীতে ক্ষমতায় এসেছে তারা জনকল্যাণ করেনি, নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। গ্যাস বিক্রিতে রাজি হইনি বলে ২০০১ সালের নির্বাচনে আমরা ক্ষমতায় আসতে পারিনি। বিএনপি-জামায়াত জোট সরকারের দুঃশাসনের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পাঁচটি বছর ধরে তারা যে নির্যাতন করেছে তা কল্পনাও করা যায় না। আওয়ামী লীগ নেতাদের বাড়ি দখল করে রাতারাতি পুকুর করা হয়েছে। ভয়াবহ কায়দায় সংখ্যালঘুদের নির্যাতন করা হয়েছে। হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছে। মা-বোনদের ওপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে। ৬৩ জেলায় একসঙ্গে বোমা হামলা, ২১শে আগস্ট গ্রেনেড হামলা, ব্রিটিশ হাইকমিশনারের ওপর গ্রেনেড হামলা হয়েছে। অপারেশন ক্লিনহার্টের নামে প্রায় দেড়শ’ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তারা ক্ষমতায় থেকে একদিকে অত্যাচার করেছে, অন্যদিকে সীমাহীন দুর্নীতি করেছে।
দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিতে চাই না: প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিতে চাই না। আমাদের কোনো মন্ত্রী-নেতা-এমপির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের সন্দেহ হলে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। আদালতে হাজিরা দিচ্ছে। আমরা প্রশ্রয় দেই না। সন্ত্রাস-জঙ্গিবাদকে আমরা কঠোর হস্তে দমন করছি। সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদকের বিরুদ্ধে সারা দেশে জনসচেতনতা সৃষ্টি করছি। তিনি বলেন, ২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত দেশ হিসেবে পালন করতে চাই। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই। বাংলাদেশকে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ করে গড়ে তুলবই।

পূর্বাশানিউজ/ ০১ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি