শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ডাকসু নির্বাচন নিয়ে সংশয় কাটছে না


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

২৭ বছর ধরে হচ্ছে না ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন। সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশের পর নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর হিসেবে পরিচিত এ ছাত্র সংসদ সচল করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী বছর ৩০ মার্চের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

কিন্তু আদালতের নির্দেশ উপেক্ষা করা হচ্ছে। কারণ আদালত ছয় মাসের মধ্যে এ নির্বাচন করতে বলেছেন। চলতি বছরের শেষে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের ফলের ওপর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নির্ভর করবে। ক্যাম্পাসের পরিস্থিতি যদি স্বাভাবিক না থাকে, তাহলে ডাকসু নির্বাচন নাও হতে পারে। ফলে এ নির্বাচন নিয়ে সংশয় কাটছে না।

ডাকসুর সাবেক নেতাসহ অনেকেই মনে করছেন, এটি ডাকসু নির্বাচনের আয়োজন নয়, এটি কর্তৃপক্ষের প্রহসন মাত্র। তারা বলছেন, যেখানে উচ্চ আদালত ছয় মাসের মধ্যে এ নির্বাচন আয়োজনে নির্দেশ দিয়েছেন, তা মানা হচ্ছে না।

আদালতের নির্দেশনা এবং ছাত্রদের আন্দোলন ধামাচাপা দিতে এ তারিখ ঘোষণা করা হয়েছে, যা এক রকম লোকদেখানো ও অবাস্তব কথা। বছরের শেষে যেহেতু জাতীয় নির্বাচন আর ডাকসু নির্বাচন আগামী বছর মার্চের মধ্যে। জাতীয় নির্বাচনের ফলের ওপর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নির্ভর করবে। যদি নির্বাচনের পর ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক না থাকে, তাহলে ডাকসু নির্বাচন নাও হতে পারে। কাজেই ডাকসু নির্বাচনের এ ঘোষণাটি ঘোষণাই নয়, এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি কৌশল মাত্র।

জানা যায়, ডাকসু নির্বাচন অনুষ্ঠান শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই দাবি ছিল না, দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে সবারই দাবি ছিল ডাকসু নির্বাচনের। এমনকি ডাকসু নির্বাচন অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গেল বছর ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তনে তিনি বলেন, ‘ডাকসু নির্বাচন ইজ মাস্ট। এটা না হলে ভবিষ্যতে নেতৃত্বে শূন্যতা সৃষ্টি হবে।’

জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন রচনাকারী সংগঠন ডাকসু। কিন্তু দীর্ঘ ২৭ বছর ধরে নির্বাচন হয়নি দেশের ছাত্র আন্দোলনে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টিকারী ও শিক্ষার্থীদের সবচেয়ে বড় নির্দলীয় মঞ্চটির। সর্বশেষ ডাকসু নির্বাচন হয় ১৯৯০ সালের জুনে। এরপর আওয়ামী লীগ ও বিএনপি এবং মাঝে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার- কেউই ডাকসু নির্বাচনের উদ্যোগ নেয়নি।

১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী, ডাকসু থেকে নির্বাচিত পাঁচ প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটে থাকার কথা। কিন্তু দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় ছাত্র প্রতিনিধি ছাড়াই সিনেট সভা অনুষ্ঠিত হচ্ছে। এরই মাধ্যমে ছাত্ররা আন্দোলন করে যে দেশে গণতন্ত্র এনেছেন, তাদের গণতন্ত্রচর্চার সবচেয়ে বড় প্ল্যাটফর্মটিই হারিয়ে ফেলেছেন। গণতান্ত্রিকভাবে সার্বজনীন নেতা নির্বাচনের সুযোগ হারিয়েছেন।

তবে যখনই বিশ্ববিদ্যালয়ে নতুন কোনো ভিসি পদ গ্রহণ করেন, তখনই তিনি বলেন, পরিবেশ তৈরি করে ডাকসু নির্বাচন দেওয়া হবে। কিন্তু তা আশ্বাসেই থেকে যায়। নির্বাচনের আর দেখা মেলে না। এদিকে ডাকসু নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। তারা কোনো জোরালো আওয়াজ তুলতে না পারায় তা খুব একটা আমলে নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কিন্তু ২০১৭ সালের মার্চে বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘ডাকসু নির্বাচন ইজ আ মাস্ট।’ রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের এমন বক্তব্যের পর থেকেই মূলত জোরদার হতে থাকে ডাকসু নির্বাচনের দাবি। গেল বছর ডিসেম্বরে এ দাবিতে আমরণ অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়ালিদ আশরাফ নামে এক শিক্ষার্থী। সর্বশেষ উচ্চ আদালতের রায়ের পর নির্বাচন অনুষ্ঠানে অনেকটা আইনি বাধ্যবাধকতা তৈরি হয়েছে।

জানা যায়, ডাকসু নির্বাচনে পদক্ষেপ নিতে ৩১ শিক্ষার্থীর পক্ষে ২০১২ সালের ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর ও কোষাধ্যক্ষকে লিগ্যাল নোটিশ দেন আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই নোটিশের কোনো জবাব না দেওয়ায় ওই বছরের ২১ মার্চ রিট আবেদন করা হয়। এ রিট আবেদনের ওপর শুনানি শেষে ওই বছরের ৮ এপ্রিল রুল জারি করেন আদালত।

রুলে ডাকসু নির্বাচন করার কেন নির্দেশ দেওয়া হবে না এবং নির্বাচন করার ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। শিক্ষা সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও প্রক্টরকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়। এছাড়া ২০১৭ সালের ১৬ মার্চ ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, জিএস মোশতাক হোসাইন ও বর্তমান শিক্ষার্থী জাফরুল হাসান নাদিম আরেকটি রিট করেন।

ওই রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে ১৯ মার্চ রুল জারি করা হয়। ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। ওই রুলের নিষ্পত্তি করেই গেল ১৭ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচনের ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, উচ্চ আদালতের আদেশের কপি পাওয়ার পর ডাকসু নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। এ নির্বাচন নিয়ে বিভিন্ন ফোরামে কয়েকটা আলোচনা হয়েছে।

সর্বশেষ সিন্ডিকেটে সেটা নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের তালিকা হালনাগাদ করার জন্য হল প্রাধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়টি প্রভোস্ট কমিটিকে বলা হয়েছে, সিন্ডিকেটকেও বলা হয়েছে। ২০১৯ সালের মার্চে সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে নিয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হবে; আমরা সে প্রস্তুতি নিচ্ছি।

ডাকসুর সাবেক জিএস মোশতাক হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচন নিয়ে যা বলেছে, তা এক রকম লোকদেখানো এবং অবাস্তব কথা। নির্বাচনের ঘোষণাটা আনুষ্ঠানিকভাবে করেনি, সেটা বিভিন্ন গণমাধ্যমে বলেছে। আমরা জানি, আগামী সংসদ নির্বাচন ডিসেম্বর-জানুয়ারির মধ্যে হওয়ার কথা, আর ডাকসু নির্বাচন মার্চের মধ্যে। এ সংসদ নির্বাচনের ফলের ওপর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নির্ভর করবে। কাজেই এ ঘোষণাটা ঘোষণাই নয়।

তিনি বলেন, যেহেতু আদালত বলছেন ছয় মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে, তাই প্রশাসন গণমাধ্যমে একটি ধোঁয়াশা বক্তব্য দিয়ে রেহায় পাওয়ার চেষ্টা করছে। প্রশাসন যদি নির্বাচনের শিডিউল ঘোষণা করত, তাহলে ধরে নিতাম নির্বাচন হচ্ছে। ওই তারিখ তো আরেক শিক্ষাবর্ষে, আগামী বছরের মার্চে। তাই এটা যুক্তিসংগত নয়, প্রহসন। আদালতের নির্দেশনা এবং ছাত্রদের আন্দোলন ধামাচাপা দিতে এ তারিখ ঘোষণা করছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ডাকসু নির্বাচন হলে আগে তফসিল ঘোষণা করত। এর আগে ক্যাম্পাসের সব ছাত্র সংগঠনের সঙ্গে বসত। তাছাড়া শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যদের সঙ্গে বসে তারপর তারিখ নির্ধারণ করত। কিন্তু প্রশাসন সেদিকে না গিয়ে একটি ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করেছে। তাই আমি এর আনুষ্ঠানিক গুরুত্ব দেখছি।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা ডাকসু নির্বাচনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরাও ডাকসু নির্বাচন চাই। আমরা এ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব এবং প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করব।

ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হাসান সোহান বলেন, ডাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের সহাবস্থান তৈরি করতে হবে। এটা ডাকসু নির্বাচনের পূর্বশর্ত। আমরা ক্যাম্পাসে যেতে পারি না। সরকারদলীয় ছাত্র সংগঠন আমাদের নেতাকর্মীদের দেখলেই হামলা করে। যদি এ অবস্থার পরিবর্তন হয়, তবে আমাদের নির্বাচনে যাওয়া সম্ভব হবে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বলেন, উচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে আমাদের মধ্যে আশা তৈরি হয়েছিল- শিগগিরই এ নির্বাচন হবে; কিন্তু সম্প্রতি নির্বাচনের তারিখ ঘোষণার পর আমাদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে।

তিনি বলেন, আগামী নভেম্বর-ডিসেম্বরে দেশের জাতীয় নির্বাচন। এ নির্বাচনের ডামাডোলে ডাকসু নির্বাচন হারিয়ে যায় কিনা, তা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আশঙ্কা রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবিকে উপেক্ষা করার নীলনকশাও হতে পারে, সে আশঙ্কাও করছি। কিন্তু একই সঙ্গে নির্বাচন হওয়ার জন্য নানা আয়োজন রয়েছে।

প্রথমে ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ছাত্র সংগঠনের সঙ্গে বসে তফসিল ঘোষণা করতে হবে। আমি আশাবাদী, ডাকসু নির্বাচন হবে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আমরা অনেক আন্দোলন করেছি। এ নির্বাচন হলে সাধারণ শিক্ষার্থীরা তাদের বঞ্চিত অধিকার ফিরে পাবেন। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ডাকসুর ছাত্র রাজনীতির মধ্য দিয়ে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবে।

ডাকসু নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ২৭ বছর ধরে যে মেধাভিত্তিক রাজনীতির বিপরীতে পেশিশক্তির রাজনীতির প্রচলন হয়েছে, তার অবসান ঘটবে। আর ছাত্ররা তাদের অধিকার আদায় করতে পারবেন।

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টে রিটকারী শিক্ষার্থী জাফরুল হাসান নাদিম বলেন, ডাকসু নির্বাচনের ব্যাপারে জানুয়ারিতে উচ্চ আদালত যেখানে ছয় মাসের মধ্যে নির্বাচন করার নির্দেশ দেওয়ার পরও এক বছর পিছিয়েছে। সেটা আদালত অবমাননার পাশাপাশি যারা আন্দোলন করছেন, তাদের দৃষ্টি অন্যদিকে সরানোরও একটি কৌশল।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের দাবি না মেনে সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। তা না হলে ছয় মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করত। আমরা শিগগিরই এ বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব।

পূর্বাশানিউজ/ ০৫ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি