
পূর্বাশা ডেস্ক:
শ্রীলংকার জনপ্রিয় পর্যটন জেলা ক্যান্ডিতে মঙ্গলবার নতুন করে কারফিউ জারি ও কমান্ডো পুলিশ মোতায়েন করা হয়েছে। মুসলিম বিরোধী দাঙ্গা ঠেকাতে কর্তৃপক্ষ এ উদ্যোগ নেয়। সম্প্রতি এ অঞ্চলে দাঙ্গায় দু’জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া দাঙ্গার কারণে মুসলমানদের বাড়িঘর ও ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাচ্ছে।
চা বাগান ও বৌদ্ধদের প্রাচীন নিদর্শনের জন্যে খ্যাত ক্যান্ডির বিভিন্ন এলাকায় দাঙ্গাবাজদের তা-বের কারণে পুলিশ কারফিউ’র সময়সীমা বাড়িয়েছে।
মঙ্গলবার দাঙ্গবাবাজরা বাড়িঘরে আগুন লাগিয়ে দেয় এবং পুড়ে যাওয়া ভবন থেকে পুলিশ একজন মুসলিমের লাশ উদ্ধার করেছে।
পুলিশের একজন মুখপাত্র জানান, আইন শৃঙ্খলা পুনরুদ্ধার ও কারফিউ বলবৎ এর লক্ষ্যে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স থেকে ওই এলাকায় শত শত কমান্ডো মোতায়েন করা হয়েছে।
গত সপ্তাহে উত্তেজিত জনতার হাতে একজন সিংহলী পুরুষের প্রাণহানিকে কেন্দ্র করে সোমবার সৃষ্ট দাঙ্গায় মুসলমানদের বাড়িঘর, মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে।
সিংহলীরা মূলত জাতিগত বৌদ্ধ। শ্রীলংকার ২ কোটি ১০ লাখ লোকের মধ্যে তারা প্রায় এক তৃতীয়াংশ। মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ মুসলমান।
























































