শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশে জঙ্গিবাদের মাথাচাড়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বর্তমানে যে অভিযান চলছে তাতে জঙ্গিদের মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে সাতক্ষীরার দেবহাটা থানার নতুন ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের এমনটি জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশে আর কখনও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমরা কখনও বলিনি যে দেশ থেকে জঙ্গি পুরোপুরি নির্মূল হয়ে গেছে। আমাদের নিরাপত্তা বাহিনী জঙ্গি দমনে যথেষ্ট সজাগ। বর্তমানে যে অভিযান চলছে তাতে জঙ্গিদের মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ নেই।

রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তনে কফি আনান কমিশন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাঁচ দফা বাস্তবায়ন করতে হবে। এর ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবর্তন সম্ভব। মিয়ানারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদেন বৈঠক হয়েছে। রোহিঙ্গা সমস্যা ১৯৭৮ সাল থেকে চলে আসছে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জেলকোর্ড অনুসারে সকল সুযোগ সুবিধা পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়া আদালতের নির্দেশে কারাগারে আছেন এবং তিনি সুস্থ আছেন। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তবে তিনি কিছু ক্রনিক রোগে ভুগছেন। তবে তিনি জেল কোড অনুযায়ী প্রাপ্য সব সুযোগ সুবিধা পাবেন।

মাদক কারবারে জড়িতদের পত্রিকা নামপরিচয় প্রকাশ করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের সর্বাত্মক অভিযান অব্যাহত আছে। কোনোভাবেই মাদককে ছাড় দেয়া হবে না। যারা মাদক কারবারের সঙ্গে জড়িত তাদের ছবি দিয়ে সংবাদপত্রে নাম-পরিচয় প্রকাশ করা হবে।

তিনি আরো বলেন, সুন্দরবনে জলদস্যু দমনে কঠোর অভিযানের পাশাপাশি তাদের আত্মসমর্পণ প্রক্রিয়া চলছে। আগামীকাল রোববার আরও অনেক জলদস্যু বাগেরহাটে অস্ত্রসহ আত্মসমর্পণ করবে।

এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান ডা. আফম রুহুল হক, সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, মীর মোস্তাক আহমেদ রবি, এসএম জগলুল হায়দার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, খুলনা রেঞ্জ ডিআইজি দিদারুল আলম, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্বাশানিউজ/ ৩১মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি