
কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ এবং ভালো আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম।
রোববার (১ এপ্রিল) দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ( আইডিইবি) প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
নাসিম বলেন, আমি খোঁজ নিয়ে জেনেছি তিনি সুস্থ আছেন। কোন গুজব ছড়িয়ে লাভ নেই। দুই দিন আগেও খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য তিনজনের একটি সিভিলসার্জন টিম কারাগারে গিয়েছিলো। আজও আমার নির্দেশে তিনজনের একটি টিম খালেদা জিয়ার স্বাস্থ্যপরীক্ষা করার জন্য কারাগারে যাবে।
মন্ত্রী বলেন, খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী। তিনি এখন দুর্নীতির দায়ে কারাবন্দী আছেন। সরকারের দায়িত্ব হচ্ছে তিনি অসুস্থ হলে সুচিকিৎসা করে তাকে সুস্থ করে তোলা। তার প্রতি আমাদের নূন্যতম প্রতিহিংসা নাই।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, তিনি (খালেদা জিয়া) জেলে যাক আমরা কেউ চাইনি। তারা আমলে আমি নিজেও কয়েক বার কারাগারে গিয়েছি। আদালতের নির্দেশে তিনি এখন কারাগারে গেছেন।
নৌকার পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোট চাওয়ার বিএনপির নেতাদের সমালোচনার জবাবে মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনী বছর জনগণের কাছে জেতে হবে। আর ভোট চাওয়া আমাদের সাংবিধানিক অধিকার। তাই আমরা জনগণের কাছে গিয়ে ভোট চাচ্ছি। সব দলেরই অধিকার আছে ভোট চাওয়ার।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল কাদের খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তৃতা করেন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ অনেকেই।

























































