বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » শিক্ষার্থীদের পিকনিকের টাকা ‘ছিনিয়ে নিলেন’ দুই নেতা


শিক্ষার্থীদের পিকনিকের টাকা ‘ছিনিয়ে নিলেন’ দুই নেতা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৮

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে পিকনিকের জন্য সংগ্রহ করা টাকা উপাধ্যক্ষের কাছ থেকে নিয়েছেন কলেজ ছাত্র সংসদের দুই নেতা।
কলেজ ছাত্র সংসদের ভিপি জহিরুল ইসলাম স্বপন এবং জিএস আবু তাহের রিমন নিজেদের ছাত্রলীগের কলেজ শাখার শীর্ষ দুই নেতা পরিচয় দেন; যদিও সেখানে অপর দুইজনকে সভাপতি-সাধারণ সম্পাদক করে সংগঠনটির কমিটির রয়েছে।

তাদের নেতৃত্বে কয়েকজন গত বুধবার পিকনিকের জন্য সংগ্রহ করা ৩৩ হাজার টাকা জোর করে নিয়ে গেছে বলে জানান উপাধ্যক্ষ মীর আবদুল জলিল মণ্ডল।

তিনি বলেন, “পিকনিকের জন্য আমার কাছে ১৮ হাজার টাকা ছিল। ছাত্রলীগের স্বপন, রিমনসহ কয়েকজন বুধবার আমার কাছ থেকে নিয়ে গেছে। এছাড়া আরও ১৫ হাজার টাকা স্টাফদের কাছে ছিল, সেটাও তারা নিয়ে গেছে।”

ঢাকার টিকাটুলিতে অবস্থিত এই কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষ সমাপনী পরীক্ষা হয় ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত। ওই সময় তাদের কাছ থেকে পিকনিকের চাঁদা সংগ্রহ করা হয় বলে উপাধ্যক্ষ জানান।

তিনি বলেন, কলেজের পিকনিক আয়োজনের জন্য শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধিদের দিয়ে সাতজনের একটি কমিটি করে দিয়েছিলেন অধ্যক্ষ। সেই কমিটিতে স্বপন ও রিমন ছিলেন।

“কমিটির পক্ষ থেকে শিক্ষার্থীদের কাছ থেকে তোলা অর্থ তারা দুজনে নিয়ে নিল।”

কেন তাদের এই টাকা দেওয়া হয়েছে, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভাই, এগুলো জেনে আর কী করবেন? আমি তাদের সাথে আবার কথা বলেছি, তারা নাকি দিয়ে দেবে।”
এ বিষয়ে জানতে জানতে চাইলে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন আবু তাহের রিমন।

তিনি বলেন, “আমি ছাত্র সংসদের জিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ছাত্রদের টাকা আমার কাছে থাকতেই পারে। আর কোনো ছাত্রের টাকা দরকার হলে আমার কাছে পাঠিয়ে দেন, আমি দিয়ে দেব। আমরা সবার টাকাই ফেরত দিয়ে দিব।”

এ বিষয়ে বক্তব্যের জন্য ভিপি জহিরুল ইসলাম স্বপনকে কয়েকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। এসএমএস পাঠিয়েও তার বক্তব্য জানা যায়নি।

কলেজ ছাত্রলীগের কমিটিতে কোনো পদে না থাকলেও স্বপন- রিমন নিজেদের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয় দেন। বছর দেড়েক আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা কলেজ ছাত্র সংসদের ভিপি-জিএস নির্বাচিত হয়েছিলেন বলে উপাধ্যক্ষ জানান।

ছাত্রলীগের চিকিৎসা বিজ্ঞান শাখা এই কলেজ ছাত্রলীগের যে কমিটি ঘোষণা করেছে সেখানে মো. রেজাউলকে সভাপতি এবং আসিফুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তবে কার্যত স্বপন ও রিমনের হাতেই সংগঠনটির কর্তৃত্ব বলে সেখানকার কয়েকজন ছাত্রলীগ কর্মী জানিয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, রিমন-স্বপন ও তাদের অনুসারীরা বিভিন্ন সময় নানা অজুহাতে তাদের কাছ থেকে টাকা নেন।

নাম প্রকাশ না করার শর্তে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, “প্রত্যেক পরীক্ষার আগে বিভিন্ন অজুহাতে ৫০০, ১০০০ টাকা নেয় ছাত্রলীগের নেতারা। আমরা বিপাকে পড়ে টাকা দেই। এবার নিয়েছে পিকনিকের কথা বলে। তবে দুই মাস পর শুনলাম ভাইস প্রিন্সিপাল স্যারের কাছ থেকে জোর করে তারা টাকা নিয়ে গেছে।”

আরেক শিক্ষার্থী বলেন, “পরীক্ষার আগে আটকে আমাদের কাছ থেকে সাতশ টাকা করে নিয়েছে। একেকবার একেক অজুহাতে ৫০০, ৭০০, ১০০০ টাকা করে নেয় তারা। টাকা না দিলে পরীক্ষা দিতে দেবে না। তাই আমরাও টাকা দেই।”

তাদের এ ধরনের কর্মকাণ্ডে ক্ষুব্ধ কলেজের অধ্যক্ষ সালেহা খাতুন।

তিনি বলেন, “ভাই, দেখেন আমরা অসহায়। এর আগেও এমন ঘটনা ঘটেছে, আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ আমাদের দুই ভাইস প্রিন্সিপালকে থানায় ডেকে ছাত্রলীগের নেতাদের সাথে বসিয়ে দিয়েছে। তারা চেষ্টা করেছে কলেজে যেন এমন ঘটনা আর না ঘটে।”

স্বপন-রিমনের বিরুদ্ধে আগে এ ধরনের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন পুলিশের ওয়ারি জোনের উপ-কমিশনার ফরিদ উদ্দিন।

তিনি বলেন, “এবারের ঘটনায় আমদের কাছে কোনো অভিযোগ আসেনি। তবে আগে এমন ঘটনা ঘটেছিল। তখন আমি ছাত্রনেতাদের বলে দিয়েছি, তারা যেন আর এ কাজ না করে।”

এদিকে এ ঘটনার কোনো দায় নিতে নারাজ কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল।

তিনি বলেন, “তারা ছাত্রলীগের পরিচয় দিয়ে থাকলে আমাদের কী করার আছে? আমিও টাকা নেওয়ার বিষয়টি শুনেছি। রোববার ক্যাম্পাসে গিয়ে আলোচনা করব।”

মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়েজিদ আহম্মেদ খান জানিয়েছেন, মো. রেজাউল কলেজের সভাপতি আর সাধারণ সম্পাদক আসিফুর রহমান। তবে তারা চিকিৎসাবিজ্ঞান শাখার অধীনে।

ছাত্রলীগের চিকিৎসা বিজ্ঞান শাখার কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

পূর্বাশানিউজ/ ০১ এপ্রিল ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি