শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদাকে ছাড়াই সিটি নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলটির মহাসচিব রোববার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের যৌথসভার পর এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরো গতিশীল করার লক্ষ্যে এই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। দেশনেত্রীকে আজকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক রাখা হয়েছে। তার মুক্তি আন্দোলনকে আরো বেগবান করার জন্যে এই নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নেব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি।

মির্জা ফখরুল বলেন, এছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখা, জনগণের অধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করার জন্য আন্দোলনের অংশ হিসেবে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব।

এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যরা বসে প্রার্থী ঠিক করবেন বলেও জানান তিনি।

বিএনপির মহাসচিব বলেন, আজকে যখন বিরোধী দলকে তাদের যে সাংবিধানিক অধিকারগুলো রয়েছে সভা করার, সমিতি করার, জনগণের কাছে যাওয়ার যে ন্যূনতম অধিকারগুলো রয়েছে, সেই অধিকারগুলো প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না।

বৈঠকে সিটি করপোরেশন নির্বাচন ছাড়াও খালেদা জিয়ার মুক্তির আন্দোলন, সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হয়। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কলের মাধ্যমে এই যৌথসভায় নেতাদের উদ্দেশে বক্তব্য রাখেন।

রাতের এ বৈঠকে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, রফিকু্ল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ, ভাইস চেয়ারম্যানদের মধ্যে হারুন আল রশীদ, আবদুল্লাহ আল নোমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী, বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, কামাল ইবনে ইউসুফ, মীর নাসির, রুহুল আলম চৌধুরী, মাহমুদুল হাসান, ইনাম আহমেদ চৌধুরী, আমিনুল হক, আবদুল আউয়াল মিন্টু, এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, গিয়াস কাদের চৌধুরী, শওকত মাহমুদ, উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের মধ্যে উকিল আবদুস সাত্তার, লুৎফর রহমান খান আজাদ, সাবিহউদ্দিন আহমেদ, আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, মশিউর রহমান, আবুল খায়ের ভুঁইয়া, আ ন হ আখতার হোসেন, জয়নুল আবদিন ফারুক, ভিপি জয়নাল আবেদীন, মনিরুল হক চৌধুরী, হেলালুজ্জামান তালুকদার লালু প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্বাশানিউজ/ ০২ এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি