
ডেস্ক রিপোর্ট :
বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের সেবা প্রদানে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কারাগারে বিএনপি চেয়ারপারসনকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তার প্রকৃত শারীরিক অবস্থা এখন কেমন, তা আমরা জানতে পারছি না। গতকাল সকালে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, খালেদা জিয়াকে হাইকোর্ট জামিন দিয়েছেন, কিন্তু সরকার প্রধানের নির্দেশে তা স্থগিত করে মানবধিকারের চরম লঙ্ঘন করা হয়েছে। অবিলম্বে আমরা তার মুক্তি চাই।
অবিলম্বে দেশনেত্রীর কারামুক্তি নিয়ে নিষ্ঠুর ষড়যন্ত্র বন্ধ করুন। তা না হলে কেউ হাত গুটিয়ে বসে থাকবে না। এ সময় তিনি বলেন, চুরিবিদ্যাই আওয়ামী লীগের একমাত্র অর্জন। এসবের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ায় খালেদা জিয়াকে মিথ্যা, জালিয়াতি ও জাল নথির মাধ্যমে বানোয়াট মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে রাখা হয়েছে। জিডিপি প্রবৃদ্ধির সরকারি ঘোষণাকে চাপাবাজি উল্লেখ করে রিজভী বলেন, বর্তমান সরকারের সীমাহীন লুটপাটের কারণে আর্থিক খাত ধ্বংস হয়ে গেছে। ব্যাংকে স্বাভাবিক লেনদেনে নেতিবাচক প্রভাব পড়ছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমতে কমতে এখন সর্বনিম্ন পর্যায়ে। বিদেশি রেমিটেন্সে ধস নেমেছে। দুঃশাসনের কবলে পড়ে দেশি-বিদেশি বিনিয়োগে স্থবিরতা বিরাজ করছে। উন্নয়নের নামে দেশজুড়ে হরিলুট চলছে। রপ্তানি আয় কমছে ব্যাপক হারে। তারপরও জিডিপি প্রবৃদ্ধি বাড়ার সরকারি ঘোষণা চাপাবাজি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০ দলীয় জোট এখনো ঐক্যবদ্ধ আছে। কর্নেল (অব.) অলি আহমদ অনেক প্রোগ্রাম করছেন খালেদা জিয়ার মুক্তির জন্য। তবে ২০ দলীয় জোটে ভাঙন ধরানোর জন্য প্রপাগান্ডা চালাতে সরকারের পক্ষ থেকে সেল গঠন করা হয়েছে। তিনি বলেন, আসন বণ্টন নয় আগামী নির্বাচনের আগে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। মুক্ত করে তার নেতৃত্বেই নির্বাচনে অংশগ্রহন করা হবে। সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার জিয়াউর রহমান, কবির মুরাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ।

























































