শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৫ জেলার বানান পরিবর্তনে মিশ্র প্রতিক্রিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০১৮

ডেস্ক রিপোর্ট :

ইংরেজি বানান পরিবর্তনের সরকারি সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে পাঁচ জেলার অধিবাসীরা। চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা ও বগুড়ায় পক্ষে-বিপক্ষে মত থাকলেও যশোরে এর প্রতিবাদে আন্দোলনের কথা বলছে বিভিন্ন সংগঠন। এদিকে নতুন বানান চালুতে নানা চ্যালেঞ্জের কথা বলছেন সরকারি কর্মকর্তারা।

অন্যান্য ৪ জেলায় দু-একটি অক্ষর পরিবর্তন করে বানান সংশোধন করা হলেও চিটাগং শব্দটি বাদ দেয়া হয়েছে। এখন ইংরেজিতেও লিখতে হবে চট্টগ্রাম। সাধারণ মানুষ একে স্বাগত জানালেও অনেকে বলছেন, হঠাৎ পুরো একটি ঐতিহাসিক শব্দ বাদ দেয়ার কোন যুক্তি নেই।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক প্রকাশ দাশগগুপ্ত বলেন, চিটাগং শব্দ থেকে চট্টগ্রামে নিয়ে আসা এটা কিন্তু পুরো একটি শব্দকে চিরতরে বিদায় দেয়া।

মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বরিশালবাসী। নতুন বানানে মানুষকে অভ্যস্ত করা ও দাপ্তরিক কাগজপত্র সংশোধনে সময় লাগবে বলছেন কর্মকর্তারা।

বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, লোকাল চ্যানেল ও লোকাল পত্রপত্রিকার সংবাদ মাধ্যমে মানুষকে জানাতে হবে। প্রথমে একটু সমস্যা হবে।

এদিকে বানান পরিবর্তন নিয়ে ভোগান্তির শঙ্কায় কুমিল্লাবাসী। বিভিন্ন নথিপত্র, সনদপত্র, পাসপোর্ট-ভিসাসহ বিভিন্ন ক্ষেত্রে জটিলতার আশঙ্কা তাদের।

কুমিল্লাবাসী বলেন, আমাদের দৈনন্দিন জীবনে মারাত্ম একটি বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে এবং আমরা বিড়ম্বনার শিকার হবো।

যশোরে বানান পরিবর্তনের প্রতিবাদে এরই মধ্যে রাস্তায় নেমেছেন অনেকে। কর্মকর্তারা বলছেন, সিদ্ধান্ত বাস্তবায়নে এখনও কোন নির্দেশনা ও বাজেট বরাদ্দ হয়নি। সিল প্যাড থেকে শুরু করে কাগজ পত্র যা কিছু এ যাবৎ করা হয়েছে সমস্ত কিছু বাতিল করতে হবে। সরকারের সিদ্ধান্ত আমাদের কাছে এসে পৌঁছালে তার ব্যবস্থা প্রয়োগ করা হবে।

পূর্বাশানিউজ/ ০৫ এপ্রিল ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি