
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছেন উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানায়।
নাসিম জানান, বিশ্বের ১০০ প্রভাবশালী নেতার কাতারে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রয়েছেন। এ সম্মান ও মর্যাদা ধরে রাখতে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি গতকাল (২১ এপ্রিল) বিকালে সিরাজগঞ্জে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সাহসিকতার সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবেলা করে বিশ্বে নন্দিত নেত্রীর মর্যাদায় আসীন হয়েছেন।
তিনি মাদার অব হিউম্যানিটি মর্যাদায় ভূষিত হয়। রোহিঙ্গা সমস্যা মোকাবেলার জন্য কমলওয়েলথ সম্মেলনেও তাকে বিশ্ব নেতারা মর্যাদা দিয়েছে।
কমনওয়েলথ সম্মেলনে বিশ্বের ১০০ প্রভাবশালী নেতার কাতারে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সম্মানিত করা হয়। এ সম্মান বাঙালি জাতির সম্মান, বাংলাদেশের সম্মান।
এক হাজার কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ শহরের উপকণ্ঠে শিয়ালকোলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
গণপূর্ত অধিদফতর এর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম কাজের শতকরা কত ভাগ শেষ হয়েছে জানতে চাইলে ৪৫ ভাগ কাজ শেষ করা হয়েছে বলে নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম অবহিত করেন।
পরে মন্ত্রী চলতি বছরের সেপ্টেম্বরে কলেজের একাডেমিক ভবন ও ছাত্রছাত্রী হোস্টেলের নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্পের পিডি ডা. কৃষ্ণ কুমার পালসহ দলীয় নেতারা।

























































