
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের লন্ডনে দেওয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমান যদি পাসপোর্ট জমা দিয়ে থাকেন তাহলে সেটা দেখিয়ে প্রমাণ করুন। নইলে মিথ্যা ও অবান্তর কথা বলার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে সোমবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন সফরে প্রবাসী বাংলাদেশি আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, তারেক রহমান লন্ডন হাইকমিশনে পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাহার করেছেন। তিনি দেশের একটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হন কিভাবে?
তার এমন বক্তব্যের চ্যালেঞ্জ ছোড়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগ ভিত্তিহীন, কাল্পনিক ও অনর্গল মিথ্যা বলার যে একটি সেন্টার অব এক্সিলেন্স; সেটি আবারও প্রমাণ করলেন সেই সেন্টারের সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বিএনপির এই নেতা বলেন, জিয়া পরিবার নয় বরং প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাই বিদেশে বিয়ে করেছেন। তারেক রহমানের পাসপোর্ট লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে জমা দেওয়ার প্রশ্নই আসে না।
তিনি বলেন, আওয়ামী লীগ নেতাদের ছেলে-মেয়েরাই বিদেশিদের বিয়ে করে বিদেশের নাগরিকত্ব গ্রহণ করেন, বিদেশে বিভিন্ন পদে অধিষ্ঠিত থাকেন। কেউ আবার গর্বের সঙ্গে নিজেকে ব্রিটিশ বলতেও ভালোবাসেন।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, আবুল খায়ের ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, তাইফুর রহমান টিপু, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

























































