পরিবেশ দূষণে ধীরে ধীরে রঙ আর জৌলুস হারাতে বসা বিশ্বের অন্যতম স্থাপনা ভারতের তাজমহল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় সুপ্রিম কোর্ট। সরকারকে দ্রুত এই বিষয়ে দৃষ্টি দেওয়ার পাশাপাশি এর সৌন্দর্য বজায় রাখতে প্রয়োজনে অন্য কোনো দেশের সাহায্য নিতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সাদা মার্বেল পাথরে তৈরি তাজমহল ক্রমেই বিবর্ণ হয়ে হলুদ বর্ণ ধারণ করেছে। এমনকি কোথাও কোথাও সেটি বাদামী ও সবুজ হয়ে যাচ্ছে। তাজমহলের এই পরিবর্তনকে উদ্বেগজনক আখ্যা দিয়ে আদালত, আমাদের যদিও বিশেষজ্ঞ দল রয়েছে কিন্তু আমরা তাদের ঠিকভাবে কাজে লাগাতে পারছি না।
ধারণা করা হচ্ছে, দূষণ, নির্মাণকাজ ও কীটপতঙ্গের মলের কারণে তাজমহলের রঙ পরিবর্তন হয়ে যাচ্ছে। সমস্যার সমাধানে দরকার হলে সরকারকে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নেয়ারও নির্দেশনা দিয়েছেন ভারতীয় সুপ্রীমকোর্ট। পরিবেশবাদীদের জমা দেয়া ছবি পরীক্ষা-নিরীক্ষা করে আদালত সরকারকে ভারত কিংবা প্রয়োজনে দেশের বাইরে থেকে বিশেষজ্ঞদের এনে পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে।
এর আগেও তাজমহলের রঙ বদলের খবরে উদ্বেগ ছড়িয়ে পড়লে ভারত সরকার তাজমহলের আশপাশের অনেক কলকারখানা বন্ধ করে দেয়। তাজমহল যে যমুনা নদীর তীরে সেই নদীর অবস্থাও শোচনীয়। সেখানকার কীটপতঙ্গের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাজমহলের দেয়াল। মোঘল সম্রাট শাহজাহানের সময়ে আগ্রা শহরে তৈরি হয়েছিলো তাজমহল, যা দেখতে প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ ভিড় করেন।
নোংরা হওয়ার সমস্যা তাজমহলের জন্য নতুন নয়। গত দু’দশকে বেশ কয়েকবার এটি পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়। তবে সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। গত জানুয়ারিতেও একবার তাজমহলের কাদামাটি পরিষ্কার করা হয়। বছরের শেষ দিকে আবারও পরিচ্ছন্নতা অভিযানের কথা রয়েছে।
























































