শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্যারিসে মে দিবসের র‌্যালিতে সহিংসতা, আটক ২০০


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৫.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ফ্রান্সের প্যারিসে মে দিবস উপলক্ষে বের করা এক র‌্যালি থেকে সহিংসতার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন দোকান এবং সড়কে থাকা গাড়ি পুড়িয়ে দেয়। ভেঙে ফেলা হয় অনেক ভবনের জানালা। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ২০০ জনকে আটক করেছে দেশটির পুলিশ।

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পাবলিক সেক্টরে শ্রমআইন সংস্কারের প্রতিবাদে বের করা শান্তিপূর্ণ র‌্যালিতে এই ঘটনা ঘটায় ব্ল্যাক ব্লকস নামে পরিচিত উগ্র বাম নৈরাজ্য সৃষ্টিকারী একটি গ্রুপ। খবর বিবিসির।

পুলিশ জানায়, শ্রমিক ইউনিয়নের মে দিবসের র‌্যালিতে সহস্রাধিক মানুষ মুখ ও মাথা ঢেকে অংশ নেয়। এরপরই তারা সহিংস হয়ে ওঠেন। তারা রাস্তার পাশের দোকানের জানালা ভাঙতে থাকে এবং একটি দোকানের সামনে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করেন বেশ কিছু গাড়ি। এ সময় তারা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন। তাদের হামলায় একজন পুলিশ অফিসারসহ চারজন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কাঁদানে গ্যাস, স্প্রে ও জলকামান ছোড়ে পুলিশ। পরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রায় দুই শ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

সরকারের মুখপাত্র বেঞ্জামিন গ্রিভয়েক্স মুখ ঢেকে রাখা প্রতিবাদকারীদের কঠোর সমালোচনা করে বলেছেন,‘যখন আপনি আন্তরিক দৃঢ়প্রত্যয়ী হন, তখন আপনি মুখ মুখোশ দিয়ে ঢেকে রাখবেন না।’  এছাড়া মুখোশ পরা ব্যক্তিদের গণতন্ত্রের শত্রু বলে উল্লেখ করেন তিনি।

শ্রমিক আইন সংস্কারের বিপক্ষে ফ্রান্সে ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ট্রেন স্টাফ আইনের পরিকল্পিত সংস্কারের বিপক্ষে ট্রেনে তিন মাসের দীর্ঘ হরতাল ডাকা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি