
ডেস্ক রিপোর্ট:
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের পরমাণু সমঝোতা বাতিল করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ব্যাপারে তার গত সোমবারের টেলিভিশন প্রদর্শনী সম্পর্কে থেরেসা মে’র সঙ্গে কথা বলেন।
নেতানিয়াহু সোমবার রাতে কিছু কাগজ, সিডি ও ছবি টেলিভিশন ক্যামেরার সামনে প্রদর্শন করে দাবি করেন, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। নেতানিয়াহু দাবি করেন, পরমাণু সমঝোতা স্বাক্ষরের পর ইরান বিশ্বকে মিথ্যা বলেছে এবং পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচিকে গোপন রাখার প্রচেষ্টা জোরদার করছে।
নেতানিয়াহু এমন সময় এ প্রদর্শন করেন যখন পাশ্চাত্যের নিয়ন্ত্রিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ পরমাণু সমঝোতা স্বাক্ষরিত হওয়ার পর অন্তত ১০টি প্রতিবেদনে এ খবরের সত্যতা নিশ্চিত করেছে যে, ইরান এ সমঝোতা পুরোপুরি মেনে চলছে।
নেতানিয়াহু এখন থেকে ৬ বছর আগে একবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেয়ার সময় একটি পরমাণু বোমার কল্পিত চিত্র প্রদর্শন করে দাবি করেছিলেন, ইরান খুব শিগগিরই পরমাণু অস্ত্র তৈরি করে ফেলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার হুমকি দিচ্ছেন। এ কাজে তাকে উসকানি দিচ্ছে ইসরায়েল। তবে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ইউরোপীয় দেশগুলো ট্রাম্পের এ প্রচেষ্টার বিরোধিতা করছে। ইরান নেতানিয়াহুর এ প্রদর্শনীকে হাস্যকর নাটক বলে দাবি করেছে।
























































