
ডেস্ক রিপোর্ট :
দুর্নীতি দমন কমিশনের কাছে বেশ কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এসেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ঘুষ আদায়ের জন্য সব চেয়ে ভাল অস্ত্র সরকারের দেয়া ক্ষমতার অপব্যবহার করা। সরকারি কর্মকর্তারা যখন উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত থাকেন তখন সে দুর্নীতি কিংবা ক্ষমতার অপব্যবহার করেন ফলে দেশে দুর্নীতি বাড়ছে।
ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সঙ্গে আলাপকালে টিআইবির নির্বাহী পরিচালক এসব কথা বলেন।
গত বছর ১৮ জুলাই নিজ অফিসে বসে ৫ লাখ টাকা ঘুষ নেয়ার সময় হাতে নাতে গ্রেফতার হন নৌপরিবহন অধিদপ্তরের তখনকার প্রধান প্রকৌশলী ফখরুল ইসলাম। এবছর ১২ এপ্রিল রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্তোরায় একই অংকের ঘুষ নেয়ার সময় হাতে নাতে ধরাপড়েন ফকরুলের উত্তরসূরি প্রধান প্রকৌশলী এসএম নাজমুল হক। নৌযানের ছাড়পত্রের জন্য সেবাগ্রহিতার কাছ থেকে তিনিও দাবি করেছিলেন ৫ লাখ টাকা। এভাবে সরকারের দেয়া ক্ষমতার অপব্যবহার করে সাধারণের কাছ ঘুষ নেয়ার সময় হাতে নাতে ধরা পড়ার ঘটনা বাড়ছেই।
টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ঘুষ আদায়ের জন্য সব চেয়ে ভাল অস্ত্র সরকারের দেয়া ক্ষমতার অপব্যবহার করা। যে কোন ধরণের ক্ষমতার অপব্যবহার নতুন নতুন দুর্নীতির জন্ম দেয়। তাই আমরা বেশি উদ্বিগ্ন হই, সরকারি কর্মকর্তারা যখন উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত থাকেন তখন সে ক্ষমতার অপব্যবহার করেন। এসব কারণে দেশে দুর্নীতি বাড়ছে। ক্ষমতার অপব্যবহার কমানো না গেলে দুর্নীতি বাড়ার সাথে সাথে সাধারণের ভোগান্তি বাড়বে।
ঘুষসহ গ্রেফতার ২০১৬ সালে ১৩টি, ২০১৭তে ২৪টি এবং ২০১৮ সালের এপ্রিল পর্যন্ত ৭টি। সাংসদ-মন্ত্রী ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের একটি নিয়মিত অভিযোগ। প্রতিবছর দুদকের অভিযোগগুলোর মধ্যে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ থাকে শীর্ষে। দুদকের কাছে অভিযোগ ২০১৬ সালে ১২৯৯০টি, ২০১৭তে ১৭৯৫৩টি এবং ২০১৮তে মার্চ পর্যন্ত ৮৫৪৬টি।
দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, যারা ঘুষ নেয় তাদের কে এটা বন্ধ করার জন্য বলবো। অভিযুক্তদেরকে আমরা রেহাই দিতে চাই না।

























































