
ডেস্ক রিপোর্ট :
সম্পূর্ণ কোটা বাতিল করা ঠিক হবে না। আমিও কোটা বাতিলের পক্ষে না। বিশেষ করে আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষদের জন্য কোটা থাকতে হবে। কাজেই প্রধানমন্ত্রী যাই করুন না কেন, কোটা পদ্ধতিতে প্রধানমন্ত্রীর উচিত দ্রুত সমাধানে যাওয়া। কোটা পদ্ধতি নিয়ে বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ড. অজয় রায় আমাদের অর্থনীতিকে এসব কথা বলেন।
তিনি বলেন, কোটা পদ্ধতি বাতিল না করে একটা সুন্দর সমাধান বের করা উচিত। বাংলাদেশের উত্তরবঙ্গ, সিলেট, বরিশাল জেলা পর্যন্ত যে অঞ্চলগুলো রয়েছে সেসব অঞ্চলের মানুষ সমান ভাবে শিক্ষিত ও সুবিধা ভোগি নয়। তাই তাদের অগ্রগতি এবং উন্নতির জন্য অবশ্যই সংরক্ষণ কোটা থাকা প্রয়োজন। এছাড়াও দিনাজপুর, রংপুর, জেলার মানুষের সঙ্গে যদি কুমিল্লা জেলার শিক্ষিত মানুষের তুলনা করা হয় তাহলে নিঃসন্দেহে রংপুর, দিনাজপুর এলাকার মানুষদের আরেকটু সুবিধার চাহিদা রয়েছে। কোটা পদ্ধতি নিয়ে প্রধানমন্ত্রী ছাত্রদের সঙ্গে বসতে পারেন যে, তারা কি চায়? প্রধানমন্ত্রী কোটা পদ্ধতি সংস্কার করতে পারেন।
তিনি আরও বলেন, ছাত্ররা আন্দোলনরত অবস্থায় প্রধানমন্ত্রীর আশ্বাসের কারণে এই আন্দোলন থেকে বিরত রয়েছে তা প্রধানমন্ত্রী নিশ্চয় দেখেছেন। প্রধানমন্ত্রী এবং তার প্রশাসনেরও অবশ্যই সেটা জানা রয়েছে। দরকার হলে ছাত্ররা প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রেরণ দিতে পারে। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর সচিবালয়ের সচিবদের সাথেও কথাবার্তা বলতে পারেন। এ বিষয়ে যত কালক্ষেপণ হবে, তাতে সমস্যা জটিল হতে পারে। প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট যে সচিবালয় প্রশাসন রয়েছে তাদের উচিত ভালো একটা সমাধানে পৌছানো।






















































