শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদার মুক্তির দাবিতে আজ সারাদেশে বিএনপির সমাবেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০১৮

 

ডেস্ক রিপোর্ট :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে আজ সোমবার রাজধানী ঢাকাসহ সারাদেশে সমাবেশের করবে দলটি।

রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই কর্মসূচির কথা জানান।

রিজভী বলেন, ‘মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিদিন অবনতি হচ্ছে। তার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সোমবার ঢাকাসহ সারাদেশে সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকায় কেন্দ্রীয় সমাবেশটি হবে বেলা ২টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এ ব্যাপারে আমরা মহানগর পুলিশ কমিশনার ও দক্ষিণ সিটি করপোরেশনের কাছে চিঠি দিয়েছি।’

তবে গাজীপুর ও খুলনায় সিটি করপোরেশন নির্বাচনের কারণে মহানগর দুটিতে সমাবেশ হবে না বলে জানান রিজভী। যদিও গাজীপুর সিটিতে ভোট স্থগিতের ঘোষণা এসেছে পরে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। উচ্চ আদালতে তার জামিন আবেদন করা হয়েছে, আগামীকাল এ ব্যাপারে শুনানি হওয়ার কথা রয়েছে।

শুরু থেকেই খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি নানা কর্মসূচি পালন করে আসছে। তবে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচির দিকে যায়নি দলটি।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি