ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী মাসে প্রথম সপ্তায় দেশব্যাপী গণসংযোগ করবো আমরা।ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা পর্যায় সকল নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন তুলে ধরবো।
বৃহস্পতিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সাথে সহযোগী সংগঠনের পূর্ব নির্ধারিত সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, রাস্তা অবরোধ করে কোন সভা সমাবেশ করতে দেয়া হবে না। প্রেসক্লাবের সামনে, পল্টনে কোন সমাবেশের অনুমতি দেয়া হবে না।
জাতীয় ঐক্য প্রক্রিয়া কোন জাতীয় ঐক্য নয়। এটা হচ্ছে নেতায় নেতায় ঐক্য, জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য। এটার কোনো ভবিষ্যত নেই । বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে দেশের জনগণ তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। জনগণ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের প্রতি আস্থাশীল।
তিনি বলেন, আমাদের অর্ধেক নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন। আমরা কেন সংঘাতে যাব? আমাদের নেত্রী বলে দিয়েছেন, আমরা আমাদের কর্মসূচি পালন করব। আমাদের কোন পাল্টা কর্মসূচি নেই। অহিংসা আন্দোলন হলে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব কিন্তু সহিংসতা হলে তার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
সম্পাদকমন্ডলীর সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


























































