ডেস্ক রিপোর্ট: টেলিভিশন টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে প্রকাশ্যে অপরাধ স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন নারী সাংবাদিকরা। তা না হলে তারা আইনের আশ্রয় নেবেন।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু এ কথা জানান। এ সময় মাসুদা ভাট্টি ছাড়াও নারী নেত্রী, সাংবাদিক, উন্নয়নকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নাসিমুন আরা হক মিনু বলেন, নির্বাচনের আগে বক্তব্যে দেখছি টেলিভিশনে নারীদের চরিত্র নিয়ে কথা বলা হয়। তাও আবার ব্যারিস্টার মইনুল হোসেনের মত লোক। নারীরা যখন নির্বাচনে নামেন তখন নারীদের হেনস্তা করা হয়। এই কথা বলার কারণ আমাদের নির্বাচন পর্যন্ত এই বক্তব্যগুলো নিয়ে যেতে হবে।
তিনি বলেন, এই দেশটি স্বাধীন করেছি, কিন্তু দেশটি এখন পর্যন্ত আমার দেশ হয়ে উঠেনি। ৩০ শের দশকে রবীন্দ্রনাথকে নিয়ে সমালোচনা করা হয়েছিল। তিনি বৃটিশ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু তিনি জাত-পাত এবং নারীর শিক্ষা ইত্যাদি বিষয় নিয়ে একটি মন্তব্য করেছিলেন। রবীন্দ্রনাথ বলেছিলেন, ‘এই দেশ থেকে হয়তো বিদেশি শক্তিকে তাড়াতে পারবো, কিন্তু বিদেশি শক্তিকে তাড়ালেই কী এই দেশটি আমার দেশ হয়ে যাবে?’
তিনি আরো বলেন, এই সমস্ত চিন্তাভাবনা নারীদের স্বাধীন বাংলার সাথে মিলে না। মুক্তিযুদ্ধের সাথে এটা কোনোভাবেই মিলে না। এই দেশটা আমার দেশ হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে শপথ নিতে হবে।
গত ১৬ অক্টোবর একাত্তর টেলিভিশনের টকশো ‘একাত্তরের জার্নাল’ এ ব্যারিস্টার মইনুল হোসেনকে সাংবাদিক মাসুদা ভাট্টি প্রশ্ন করেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টে আপনি যে হিসেবে উপস্থিত থাকেন- আপনি বলেছেন আপনি নাগরিক হিসেবে উপস্থিত থাকেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, আপনি জামায়াতের প্রতিনিধি হয়ে সেখানে উপস্থিত থাকেন।’
মাসুদা ভাট্টির এই প্রশ্নে রেগে গিয়ে মইনুল হোসেন বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই। আমার সঙ্গে জামায়াতের কানেকশনের কোনো প্রশ্নই নেই। আপনি যে প্রশ্ন করেছেন তা আমার জন্য অত্যন্ত বিব্রতকর।’


























































