সোমবার,৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ


জামায়াত সদস্যদের নির্বাচনে দূরে রাখার সুযোগ নেই: ইসি সচিব


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: আদালতের রায়ে জামায়াতে ইসলামীর সদস্যদের স্বতন্ত্র প্রার্থী হয়ে বা জোটগতভাবে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখার কোনো আইন নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

ঘাতক দালাল নির্মূল কমিটি পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, ‘আমরা জামায়াতের অনুসারী বা নেতাকর্মী কিংবা যুদ্ধাপরাধীদের উত্তরাধিকারীরা যেন নির্বাচনে কোনোভাবে নির্বাচন করতে না পারে, সে ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানিয়েছি। সিইসি এ বিষয়ে বলেছেন-এজন্য প্রয়োজনীয় আইন বাংলাদেশে নেই। পরবর্তীতে বিবেচনা করতে হবে। কেননা, অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে আলোচনা করা হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের বিষয় আছে। সরকারের অন্য আইনের বিষয়ও আছে।’

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘ঘাতক-দালাল নির্মূল কমিটির নেত্রীবৃন্দ তাদের দাবিগুলো জানিয়েছেন। জামায়াত, যুদ্ধাপরাধীদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি আইন-কানুন পরীক্ষা-নিরীক্ষা করে আমরা অবহিত করবো। এছাড়া আরপিও সংশোধনের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে।’

ঘাতক-দালাল নির্মূল কমিটি তো রাজনৈতিক দল নয়, তারা কি এমন দাবি করতে পারে?- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘যেকোনো সংগঠন আলোচনার জন্য সময় চাইলে, সিইসি সময় দিলে, আলোচনা করা যেতে পারে। তারাও তো ভোটার। ভোটাররাও তো আমাদের স্টকহোল্ডার।’

সিইসি কেএম নূরুল হুদার কার্যালয়ে মঙ্গলবার বেলা ১১টায় পাঁচ দফা দাবি নিয়ে বৈঠকে বসে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি। বৈঠকে সিইসির সঙ্গে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। অপরদিকে কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি