ডেস্ক রিপোর্ট: বিশ্বের প্রথম ডাবল হাল বা ক্যাটামারান ডিজাইনের সুবিধাসম্বলিত বিমানবাহী রণতরী তৈরি করছে রাশিয়া। এই বিষয়ে আন্তর্জাতিক নৌ-অস্ত্র বিশেষজ্ঞদের পূর্বাভাষের সঙ্গে সঙ্গতি রেখেই চলতি সপ্তাহে রুশ নৌবাহিনীর কর্মকর্তারা এমন কথা জানিয়েছেন। ক্রিলভ সায়েন্টিফিক সেন্টারের একজন মুখপাত্র রুশ বার্তা সংস্থা ইতার তাসকে জানান, দেশটির নতুন প্রজন্মের লাইট এয়ারক্রাফট ক্যারিয়ার ডাবল হাল ডিজাইনের প্রয়োগে তৈরি করার কাজ শুরু হয়েছে। লাইট এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো সাধারণত ৩৭ হাজার থেকে ৪৪ হাজার টন ওজনের শ্রেণীতে পড়ে। নতুন রণতরীটি হবে দৈর্ঘ্যে ৩০৪ মিটার এবং প্রস্থে প্রায় ৭৮ মিটার। এই জাহাজটির চলাচলের জন্য ৮ দশমিক ৫ মিটার গভীরতার জলপথ প্রয়োজন। জাহাজটি ২৮ নট গতিতে ৮ হাজার মাইল দূরত্ব পাড়ি দিতে পারবে। নতুন এই রুশ ক্যারিয়ারের শক্তি যোগাবে দুটি অত্যাধুনিক গ্যাস টারবাইন ইঞ্জিন। এই ইঞ্জিনগুলো ৮১ হাজার কিলোওয়াট বিদ্যুৎ বা ১ লাখ ১০ হাজার অশ্বশক্তি উৎপাদনে সক্ষম। এছাড়াও জাহাজটির স্বতন্ত্র তিনটি ইলেকট্রিক জেনারেটর ৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম।
ক্রিলভ ব্যুরোর মুখপাত্রের বরাত দিয়ে ইতার তাস জানায়, শুধুমাত্র জলভাগের নিচের অংশেই ক্যাটামারান ডিজাইন প্রয়োগ করা হবে। পানির উপরিভাগে হাল দুটি সংযুক্ত অবস্থাতেই থাকবে। এই দুটি হাল বা খোলসের কারণে জাহাজটির যে অধিক প্রশস্ততা তৈরি হবে তা বিমানবাহী রণতরীর জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবেই কাজ করবে। এছাড়াও, ক্যাটামারান ডিজাইন জাহাজটির ওয়াটার রেজিস্টেন্স কমিয়ে সামগ্রিক গতি বৃদ্ধিতেও সাহায্য করবে। আন্তর্জাতিক নৌঅস্ত্র বিশেষজ্ঞগণ অবশ্য বলছেন, ফ্লাইট ডেকের দৈর্ঘ্য ও প্রশস্ততা বৃদ্ধির কারণে একটি বৃহৎ আকারের ক্যারিয়ারের চাইতে কম বিমান বহন করতে সক্ষম হবে ক্যাটামারান ডিজাইনের ক্যারিয়ার।
বর্তমান পরিস্থিতিতে যখন রাশিয়ার সঙ্গে পশ্চিমের সামরিক ও ক’টনীতিক উত্তেজনা বাড়ছে ঠিক তখনই এই ধরণের বিমানবাহী রণতরী রুশ নৌবাহিনীর আকাশযুদ্ধের সক্ষমতা বৃদ্ধি করবে এবং এই ক্যারিয়ারকে খুব দ্রুত একস্থান থেকে অন্যস্থানে মোতায়েন করা যাবে। নতুন এই রণতরীটিতে একটি স¤পূর্ণ এয়ার উইং বহন করা যাবে। যাদের মধ্যে থাকবে অন্তত ২৪ থেকে ২৮টি সুখই-৩৩ এবং মিগ-২৯কে। এছাড়াও, আকাশপথে অগ্রিম সতর্কতা দিতে সক্ষম চারটি বিমান এবং অন্তত এক ডজন কামোভ-২৭ নেভাল হেলিকপ্টার থাকছে। যা একটি মার্কিন বিমানবাহী রণতরীতে থাকা বিমান বহরের প্রায় অর্ধেক। রুশ লাইট ক্যারিয়ারে ক্ষেপণাস্ত্র সুরক্ষার অংশ হিসেবে মোতায়েন করা হবে পান্সির-এমই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা। এছাড়াও নতুন ক্যারিয়ারটিকে সাবমেরিন বিধ্বংসী অস্ত্র এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের উপকরণে সুসজ্জিত করা হবে। ইতার তাস/ ন্যাশনাল ইন্টারেস্ট/ নেভি রিকগনিশন

























































