ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে ১০ সদস্যবিশিষ্ট নির্দলীয় উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এই পরিষদের অধীনেই আগামী নির্বাচন পরিচালনার দাবি করেন তারা।
বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংলাপে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন এই প্রস্তাব শেখ হাসিনার কাছে তুলে ধরেন। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা এ তথ্য নিশ্চিত করেন।
সূত্র জানায়, সংলাপে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সংসদ ভেঙে দিয়ে ১০ সদস্যের একটি নির্দলীয় উপদেষ্টা সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি খালেদা জিয়ার মুক্তির দাবিও জানান ঐক্যফ্রন্ট নেতারা। এসময় তারা নির্বাচন কমিশনও ভেঙে দিয়ে পুনর্গঠনের প্রস্তাব রাখেন।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতারা সংলাপে বলেন, ঐক্যফ্রন্ট নেতাদের সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় উপদেষ্টা সরকার গঠনের প্রস্তাব সাংবিধানিক কাঠামোর মধ্যে পড়ে না।


























































